ডোপ টেস্টে পজিটিভ হলে মিলবে না সরকারি চাকরি: স্বরাষ্ট্রমন্ত্রী
সরকারি চাকরিতে যেতে হলে প্রত্যেককে ডোপ টেস্টের আওতায় আসতে হবে এবং মাদকগ্রহণকারীরা সরকারি চাকরি পাবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শুক্রবার (২৫ জুন) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এ সভার আয়োজন করে মাদকদ্রব্য নেশা নিরোধ সংস্থা (মানস)।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডোপ টেস্টে কেউ পজিটিভ হলে চাকরি পাবেন না। এমনকি চাকরিতে আছেন এমন কারও ডোপ টেস্ট পজিটিভ আসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তা বাহিনীতে যারা আছেন তাদেরকে ইতোমধ্যে ডোপ টেস্টের আওতায় আনা হয়েছে।
তিনি বলেন, মাদকের বিস্তৃতি রোধে এবং যুব সমাজ যাতে মাথা উঁচু করে বাঁচতে পারে সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। নতুন প্রজন্মের মেধাকে আমরা কাজে লাগাতে পারি সেজন্য মাদক নিয়ন্ত্রণ অধিদফতর মোরাল এজেন্সি হিসেবে কাজ করছে, পাশাপাশি আমাদের নিরাপত্তা বাহিনী তাদেরকে সহযোগিতা করে যাচ্ছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূলে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছিলেন তেমনই মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রেও তিনি জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে বলেছেন। আমরা তার নির্দেশনা মাথায় রেখে কাজটি করছি। যেকোনো মূল্যে আমরা দেশ থেকে মাদক নিয়ন্ত্রণ করব।
বার্তা বাজার/নব