মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে এরই মধ্যে দেশের ৭ জেলায় লকডাউন জারি করা হয়েছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঈদের আগে কঠোর লকডাউন আসতে পারে।
খুব শিগগিরই কঠোর লকডাউনের প্রজ্ঞাপন আসবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
শুক্রবার (২৫ জুন) গণমাধ্যমকে তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমোদন পেলেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।
এদিকে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় গতকাল (২৪ জুন) সারাদেশে ১৪ দিনের জন্য শাটডাউনের সুপারিশ করেছে করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরার্মশক কমিটি।
কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লাহ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সারাদেশে ১৪ দিনের শাটডাউনের সুপারিশ কথা জানানো হয়।
কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ বলেন, ওষুধ, ফায়ার সার্ভিস, গণমাধ্যম ছাড়া সবকিছু ১৪ দিন বন্ধ করে মানুষ যদি এই কষ্ট মেনে নিতে পারে তাহলে আগামীতে ভালো হবে। তা না হলে শনাক্ত যেভাবে বাড়ছে তা নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়বে।
শাটডাউন দিলে বন্ধ থাকবে সবকিছু। অফিস-আদালত, বাজারঘাট, গণপরিবহনসহ সব বন্ধ থাকবে। কেবল জরুরি সেবা দানকারী প্রতিষ্ঠান খোলা থাকবে। এ সময়ে বাসার বের হতে পারবে না কেউ।
কঠোরভাবে লকডাউন পালন না করতে পারলে যত প্রস্তুতিই থাকুক না কেন স্বাস্থ্য ব্যবস্থা অপ্রতুল হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন তিনি।
বার্তা বাজার/নব