খুলনায় করোনায় আরও ৯ জনের মৃত্যু

খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা থামছেই না। দৈনিক সংক্রমণ ও মৃত্যু আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনা কেড়ে নিয়েছে আরও ৯ জনের প্রাণ।

শুক্রবার (২৫ জুন) সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি হাসপাতালে ৯ জনের মৃত্যু হয়েছে।

জেলার করোনা ডেডিকেটেড হাসপাতালে ছয়জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজন ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে।

খুলনা করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় ছয়জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৫ জন করোনায় এবং একজন উপসর্গ নিয়ে মারা গেছেন। নতুন করে ভর্তি হয়েছেন ৩৯ জন ও সুস্থ হয়েছেন ২২ জন।

খুলনা ২৫০ জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় খুলনার রূপসা উপজেলার সরদার মনিরুল (৬৮) নামের একজনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৬৯ জন।

গাজী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজন হলেন- নগরীর সোনাডাঙ্গা এলাকার শাহানা জামান ও পিরোজপুর সদরের রহিমা (৮০)। এ হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২৯ জন ও সুস্থ হয়েছেন ১৯ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর