বগুড়ায় বাড়ছে সংক্রমণ, জায়গা নেই হাসপাতালে

বগুড়ায় লকডাউনের পরও করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলছে। জেলায় দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা হু হু করে বাড়ছে। জেলার দুটি হাসপাতালে অতিরিক্ত বেড যোগ করেও রোগীদের চাপ সামলানো যাচ্ছে না।

জেলায় লকডাউন চললেও মানুষ ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এতে বাড়ছে সংক্রমণ। দিনের বেলা আইনশৃঙ্খলা বাহিনী যানবাহন চলাচল নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও মানুষ তা মানছে না।

জেলায় গতকাল (২৪ জুন) করোনায় আক্রান্ত হয়ে ৮ জন মারা গেছেন। ক্রমে ক্রমে বগুড়ার করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। হাসপাতালগুলো রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে।

করোনা পরিস্থিতি তুলে ধরতে গিয়ে জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, আমরা একটা ক্রান্তিকাল অতিক্রম করছি। বগুড়ার করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।

এদিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শেজিমেক) হাসপাতালের করোনা ইউনিটে আটটি আইসিইউ, পাঁচ এসডিইউসহ ১০০ করোনা শয্যা আছে। তবে রোগীর চাপ নিতে হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

এছাড়া বগুড়া মোহম্মদ আলী হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য ১১৬ বেড ছিল। তা বাড়িয়ে ১৬৪ করা হয়েছে। তবুও রোগীদের চাপ সামাল দেওয়া যাচ্ছে না।

লকডাউন আরও কঠোর না হলে এই পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। সবাইকে টিকার আওতায় না আনা পর্যন্ত স্বাস্থ্যবিধি মানা ছাড়া বিকল্প কিছু নেই বলে জানিয়েছেন তারা।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর