দোকানে চেয়ারে বসাকে কেন্দ্র করে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে শিক্ষার্থীকে হত্যা

নেত্রকোনার দুর্গাপুরে পূর্বশত্রুতার জের ধরে চা স্টলের চেয়ারে বসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (২৫) নামে শিক্ষার্থী নিহত ও গুরুতর আহত হয়েছেন আরো দুজন। আহত দুজনকে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

নিহত আনোয়ার হোসেন ময়মনসিংহ আনন্দ মোহন বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পড়ূয়া শিক্ষাথী ও আহতরা হলেন আনোয়ারের পিতা মকবুল হোসেন (৫৫) এবং তারই চাচাতো ভাই ও আব্দুর রহমানের ছেলে মনির (২৫)। নিহত ও আহত দুজন কলমাকান্দার উপজেলার নাজিরপুর ইউনিয়নে আনন্দপুর গ্রামের বাসিন্দা। নিহতের বাবা আহত মকবুল হোসেন অবসরপ্রাপ্ত বিজিবি’র (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্য ছিলেন।

বৃহস্পতিবার(২৪ জুন) রাত ৮টার দিকে দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নে বড়ইউন্দ বাজারে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

প্রতিপক্ষের লোকজন হলেন, দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের বড়ইউন্দ গ্রামের মরম আলী (৬০), তার দুই ছেলে সোহেল (২৬) ও জুয়েল (১৮) এবং আমছর আলী এদের নাম প্রাথমিকভাবে জানা গেছে।

জানা যায়, দুর্গাপুরের বড়ইউন্দ ও কলমাকান্দার আনন্দপুর গ্রাম এই গ্রামের সীমানা সংলগ্ন স্থানীয় কবরস্থানকে কেন্দ্র করে পূর্ব থেকে দু’পক্ষের মাঝে বিরোধ চলে আসছিল। প্রায় তিনবছর আগে এ বিষয়কে কেন্দ্র দু’পক্ষের মাঝে মারামারির ঘটনা ঘটে এবং এ নিয়ে মামলাও হয়েছে। বৃহস্পতিবার(২৪ জুন) সন্ধ্যার পরে আনোয়ার বড়ইউন্দ বাজারে একটি চায়ের স্টলের চেয়ারে বসেছিলেন। এ বসাকে কেন্দ্র করে বড়ইউন্দ গ্রামের মরম আলীর ছেলে জুয়েল আনোয়ারের সাথে বাক-বিতন্ডতায় লিপ্ত হয়।

পরে জুয়েল বাড়ি থেকে ছুরি এনে তার বাবা মরম আলী, ভাই সোহেল ও পরিবারের লোকজন আনোয়ারকে ছুরিকাঘাত করে। এতে আনোয়ার মাটিতে লুটিয়ে পড়ে। খবর পেয়ে বাজারে থাকা আনোয়ারের বাবা মকবুল ও চাচাতো ভাই মনির এর প্রতিবাদ করলে সোহেল, মরম আলী, আমছর আলীসহ এ পক্ষের লোকজন মকবুল ও মনিরকে ছুরিকাঘাত করে।

এ তথ্য ছড়িয়ে পড়লে বাজারে থাকা আনোয়ারের চাচাতো ভাই হানিফ ও আত্মীয়-স্বজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়দের সহায়তায় তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে রাত সোয়া ৯টার দিকে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে আহতদের স্বজনেরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক আনোয়ারকে মৃত ঘোষনা করেন এবং আহত দুজনকে ময়মনসিংহ হাসপাতালে প্রেরণ করেন।

দুর্গাপুর থানার ওসি শাহনুর-এ আলম নিহত ও আহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের ময়মনসিংহ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের লাশ সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন সহ অভিযুক্তদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

রাজেশ গৌড়/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর