ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমনির ডিএনএ টেস্ট করানোর আবেদন করেছেন তার হত্যা ও ধর্ষণচেষ্টা মামলায় দায়ের করা আসামি নাসির উদ্দিন মাহমুদের আইনজীবী মিজানুর রহমান। বুধবার (২৩ জুন) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসানের আদালতে তিনি এই আবেদন করেন।
এসময় আদালতে পরীমনির দায়ের করা মামলায় আসামি নাসির ও অমির ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে তাদেরকে ৫ দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেয় আদালত।
তখন আসামি পক্ষে থাকা আইনইজীবী বলেন, মামলায় ধর্ষণচেষ্টার অভিযোগ আনা হয়েছে। এ ক্ষেত্রে ডিএনএ টেস্ট করানো যেতে পারে। আলামত ফরেনসিকে পাঠানো হোক। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা যেতে পারে। তাতেই প্রমাণ পাওয়া যাবে নাসির উদ্দিন মাহমুদ নিরপরাধ।
প্রসঙ্গত, গত ১৪ জুন ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টা অভিযোগে সাভার থানায় একটি মামলা দায়ের করেন পরীমনি। মামলার আসামি করা হয় বোট ক্লাবের নির্বাহী সদস্য নাসির উদ্দিন মাহমুদ ও সদস্য তুহিন সিদ্দিকী অমিসহ অজ্ঞাত ৪ জনকে। ওইদিনই আসামিদেরকে ৩ নারীসহ গ্রেফতার করে ডিবি পুলিশ।
এরপর ১৬ জুন রাজধানীর অভিজাত গুলশানে অল কমিউনিটি ক্লাবে ভাঙচুরের অভিযোগ করা হয় পরীমনির বিরুদ্ধে। পাশাপাশি আরও কিছু ক্লাব থেকে অভিযোগের গুঞ্জন শোনা যায়।
বার্তা বাজার/এসজে