রাজধানীর উত্তরা থেকে ১৩ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রী ও নগদ টাকা জব্দ করা হয়।
র্যাব-১০- এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর সৌয়েব বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে সোংবাদিকদের জানান, রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরের ৬/এ নং সড়কের একটি বাড়ি থেকে অভিযান চালিয়ে ১৩জন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে।
উত্তরা থেকে গ্রেপ্তার হওয়া জুয়াড়িরা হলেন, আনোয়ার হোসেন (৪৯), মনির হোসেন (৪১), আমান উল্লাহ (৫০),নারায়ন (৩৬), মামুন অর রশিদ (৩৬), রিপন (২৯), জাহাঙ্গীর আলম (৪৫), দবির মোল্লা (৪৯), আব্দুল হাকিম শেখ (৩৫), আলম (৩৩), মনজুরুল হক (৩৭), মধু মিয়া (৪০) ও সেলিম (৪০)।
গ্রেফতারকালে উত্তরার জুয়াড়িদের কাছ থেকে জুয়া খেলার ৫২০ পিস কার্ড (তাস), ৫০ হাজার ৯২৫ টাকা ও ১৮ টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার এনায়েত বলেন, এ ঘটনায় গ্রেফতার হওয়া জুয়াড়িদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা পেশাদার জুয়াড়ি। তারা জুয়া খেলার মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত জুয়াড়িদের বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। তারা বিভিন্ন বাসা বাড়ি ও ক্লাবগুলোতে ফ্ল্যাট ও রুম ভাড়া নিয়ে দীর্ঘ দিন ধরে জুয়া চালিয়ে আসছিল।
তানজিন মাহমুদ তনু/বার্তা বাজার/টি