নওমুসলিম ওমর ফারুক ত্রিপুরা হত্যাকাণ্ডের প্রতিবাদ অব্যহত
বান্দরবানে সন্ত্রাসীদের দ্বারা নির্মমভাবে নওমুসলিম ওমর ফারুক ত্রিপুরাকে হত্যা করার প্রতিবাদে চট্টগ্রামে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানবন্ধনটির আয়োজন করা হয়। সর্বস্তরের সাধারণ সচেতন নাগরিক সমাজের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন শতাধিক মানুষ।
আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, ওমর ফারুককে যারা গুলি করে হত্যা করেছে, আমরা তাদের উপযুক্ত শাস্তি দাবি করছি। পাশাপাশি তার প্রতিষ্ঠিত মসজিদ সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। সেখানে ইমাম নিয়োগ করে পুনরায় নামাজ পড়ার ব্যবস্থা করতে হবে। ওই এলাকায় বসবাসকারী মুসলমানদের নিরাপত্তার জন্য সেনাবাহিনী মোতায়েন করতে হবে।
তারা বলেন, একজন মুসলিম না যেকোনো সাধারণ মানুষ খুন হলেও সরকারের দায়িত্ব হচ্ছে খুনিদের আইনের আওতায় নিয়ে আসা। শহীদ ওমর ফারুক হত্যার বিচারের জন্য আমাদের আজকে রাজপথে দাঁড়াতে হচ্ছে কেন? সরকার কেন তার খুনিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। আমরা দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি করছি।
প্রসঙ্গত, গত ১৮ জুন বান্দরবানের রোয়াংছড়ি সদর ইউনিয়নের তুলাছড়ি আগাপাড়া এলাকায় মসজিদ থেকে বাড়ি ফেরার পথে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ওমর ফারুক। একই এলাকার বাসিন্দা ওমর ফারুক ত্রিপুরার পূর্বনাম ছিল পূর্ণচন্দ্র ত্রিপুরা। তিনি ত্রিপুরা থেকে ধর্মান্তরিত হয়ে মুসলিম হন। নির্মমভাবে তাকে হত্যার প্রতিবাদে সারাদেশের বিভিন্ন স্থানে সচেতন নাগরিক সমাজ মানববন্ধন করছে।
বার্তা বাজার/এসজে