প্রধান শিক্ষকের সাথে শিক্ষিকার অনৈতিক সম্পর্কে ক্ষিপ্ত স্থানীয়রা

নওগাঁর ধামইরহাট উপজেলার শহীদ আব্দুল জব্বার মঙ্গলবাড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ও সহকারি প্রধান শিক্ষিকা সুমাইয়া উম্মে শামসির বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে।

তাদের অনৈতিক এই সর্ম্পকের কারণে ভেঙ্গে পরেছে বিদ্যালয়টির শিক্ষা ব্যবস্থা। স্থানীয়রা একাধিকবার তাদের হাতেনাতে আটকও করেছে। তাদের অনৈতিক কর্মকাণ্ডের জন্য ইতিপূর্বে কয়েকবার অবরুদ্ধ করে রাখা হলেও স্থানীয় প্রভাবশালীদের হস্তক্ষেপে ও অর্থের বিনিময়ে বারবার পার পেয়ে গেছে।

তাদের বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক বার লিখিত অভিযোগ করা হলেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বহাল তবিয়তে রয়েছে তারা। বরং যারা প্রতিবাদ করে তাদেরকেই মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। সচেতন অভিভাবক ও এলাকাবাসী মানববন্ধনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ করলে ঘটনার তিন মাস পেরিয়ে গেলেও কোনোরকম ব্যবস্থা নেয়নি প্রশাসন।

জানা গেছে, নওগাঁর সীমান্তবর্তী ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ি গ্রাম। তারপাশের জেলা জয়পুরহাট সদর। সীমান্তবর্তী এ দুই জেলার অবহেলিত দরিদ্র নারীদের মাঝে শিক্ষার আলো ছড়াতে ১৯৯৬ সালে স্থানীয় শিক্ষা অনুরাগী শহীদ আব্দুল জব্বারের নামানুসারে শহীদ আব্দুল জব্বার মঙ্গলবাড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন হতে বিদ্যালয়টি সুনামের সঙ্গে চললেও ২০০১ সালের ৩ জানুয়ারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহন করেন আবুল কালাম আজাদ। এর এক বছর পর সহকারি প্রধান শিক্ষিকা হিসেবে যোগদান করেন সুমাইয়া উম্মে শামসি। এরপর থেকে সহকারি প্রধান শিক্ষিকার সাথে অনৈতিক সর্ম্পকে জড়িয়ে পরেন আবুল কালাম আজাদ।

অভিযোগ রয়েছে, আবুল কালাম আজাদ প্রধান শিক্ষক হওয়ার আগে জয়পুরহাট জেলার গ্রামীন ব্যাংকের দোগাছী শাখায় মাঠকর্মী হিসেবে চাকুরি করতেন। সে সময় নারী কেলেঙ্কির ঘটনায় তাকে চাকরিচুত্য করা হয়। বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর চলতি বছরের জানুয়ারী মাসে জয়পুরহাটের একটি বাসায় ওই শিক্ষিকার সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত হওয়ার সময় স্থানীয়দের হাতে আটক হয়। গত বছরের নভেম্বর মাসে তার নিজ বাসায় এবং এপ্রিল মাসে রাজশাহীতে একটি প্রশিক্ষণে গিয়ে এ দুই শিক্ষকের অনৈতিক কাজে লিপ্ত হওয়ার ঘটনা ঘটে।

করোনা ভাইরাসের কারনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও প্রধান শিক্ষক ও সহকারি প্রধান শিক্ষিকা কারণ ছাড়াই স্কুলে ঘন্টার পর ঘন্টা সময় কাটান। গত ২০শে মার্চ তারা অনৈতিক কাজে লিপ্ত হলে স্থানীয়রা দেখে ফেলায় তাদের অবরুদ্ধ করলে প্রভাবশালীদের হস্তক্ষেপে মুক্ত হয়। পরে স্থানীয়সহ গণ্যমাণ্য ব্যক্তিদের বিরুদ্ধে গত ৬/৫/২১ তারিখে জয়পুরহাট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বাদী হয়ে ছয়জনকে আসামী করে চাঁদাবাজি মামলা করেন। মামলা নম্বর: ৫৩পি/২১। মামলার আসামীরা হলেন- বাংলা টিভির জয়পুরহাট জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা, শিক্ষক খাজা ময়েন উদ্দিন, অত্র প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস, শিক্ষক আশরাফুল আলম, শিক্ষক আবুল হাসনাত মুকুল এবং শিক্ষক ইকবাল হোসেন। কিন্তু ঘটনার তিন মাস পেরিয়ে গেলেও কোনো ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট প্রশাসন।

স্থানীয় ইউপি মেম্বার ও অভিভাবক সদস্য ওবাইদুল ইসলাম ও বিদ্যালয় সংলগ্ন স্থানীয় আতোয়ার রহমান বলেন, করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন থেকে স্কুল বন্ধ। কিন্তু তারা দুজন প্রতিদিন স্কুলে আসেন। আমরা যারা স্বাক্ষী দিয়েছি তাদের বিরুদ্ধে হয়রানীমূলক মামলা দিয়েছে। তারা দুজনে কেউ বাদী হয় আবার কেউ স্বাক্ষী হয়। এভাবে তারা পর্যায়ক্রমে মামলা দিয়ে যাচ্ছে। আমরা এ মিথ্যা মামলা প্রত্যাহারসহ তাদের দৃষ্টান্তমুলক শাস্তি চাই। তাদের এ অনৈতিক কার্যক্রমে বাচ্চারা কি শিক্ষা গ্রহণ করবে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি খাজা ময়েন উদ্দিন বলেন, প্রধান শিক্ষকের নারী কেলেঙ্কারির বিষয়টি এলাকার সবাই অবগত। গত ২০শে মার্চ তারা বিদ্যালয়ের কক্ষে অনৈতিক কাজে লিপ্ত হলে স্থানীয়রা দেখে ফেলায় তাদের অবরুদ্ধ করলে পরে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া এসে তাদের মুক্ত করে।

স্থানীয় জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান আলী বলেন, ওই শিক্ষক ও শিক্ষিকার অনৈতিক কর্মকান্ড দীর্ঘদিনের। যা এলাকার সকলেই অবগত। বিদ্যালয়ের কক্ষে সম্প্রতি আবারও অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হলে হাতেনাতে ধরা পড়ে। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। পরে ওই শিক্ষক ও শিক্ষিকা মিথ্যা হয়রানীমূলক মামলা দেয়। যা অত্যন্ত দু:খজনক।

এসব অভিযোগের বিষয়ে অস্বীকার করে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্ব চলছে। ২০১২-১৫ সাল পর্যন্ত খাজা ময়েন উদ্দিন বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন। পরের বার তিনি নির্বাচিত হতে পারেন। বিজয়ী হতে না পারায় তিনি আমাকে দোষারোপ করছেন। এরপর তিনি আমাকে বিদ্যালয় থেকে সরানোর জন্য উঠেপড়ে লেগেছেন। বিভিন্ন সময় আমার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির ঘটনা রটানোর চেষ্টা করা হচ্ছে যা মিথ্যা।

এ ব্যাপারে সহকারি প্রধান শিক্ষিকা সুমাইয়া উম্মে শামসি সঙ্গে ফোনে ১০ বার যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেননি। এমনকি সাংবাদিক পরিচয়ে খুদে বার্তা পাঠানো হলেও তিনি কোন সদুত্তর দেননি।

ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গনপতি রায় অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও সমাজসেবা অফিসারসহ তিনসদস্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে করোনা ভাইরাসের কারণে তদন্তটি শেষ করতে পারেনি। তদন্ত প্রতিবেদন পেলেই ব্যবস্থা গ্রহন করা হবে।

রেজুয়ান আলম/বার্তা বাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর