বগুড়ার শেরপুরের ঝাঁজর গ্রামে যৌতুকের টাকা না পেয়ে নববধূকে হাত-পা বেঁধে মারধর করে রাস্তায় ফেলে দেওয়ার ঘটনায় বুধবার (২৩ জুন) রাতে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাঁজর গ্রামের ফিরজুলের ছেলে কাউছার আলীর সাথে একই গ্রামের মনছের আলীর মেয়ে মনি আক্তারের তিন মাস আগে বিয়ে হয়। বিয়ের সময় মেয়ের পরিবার যৌতুক হিসাবে ছেলের পরিবারকে দেড় লক্ষ টাকা ও উপহার সামগ্রী দেয়।
কিছুদিন পর থেকে আরো এক লক্ষ টাকা যৌতুক দাবি করে মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত বুধবার দুপুর ১২টার দিকে কাউছার আলী, পিতা ফিরজুল, মা কুলছুম, বড় চাচা নজরুল ইসলাম ও চাচী পিয়ারা বিবি মিলে নববধূ মনি আক্তারকে হাত-পা বেধে মারধর করে বাড়ির সামনে রাস্তায় ফেলে দেয়।
এই খবর পেয়ে নববধূ মনি আক্তারের পিতা মনছের আলী মেয়েকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করায়।
এঘটনায় নববধূর পিতা মনছের আলী বাদি হয়ে গত বুধবার রাতে ৫ জনের বিরুদ্ধে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, মারপিটের ঘটনায় অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
রাশেদুল হক/বার্তা বাজার/এফএইচপি