ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে অজ্ঞাত এক নারীর (৫৫) মরদেহ উদ্ধার করেছে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ।
বৃহস্পতিবার ২৪ জুন সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের ১ নম্বর প্লাটফর্মের টিকেট কাউন্টারের সামনে সিঁড়ি থেকে এই অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রাতে স্টেশনে ভাসমান ছিন্নমূল অনেক মানুষ প্লাটফর্ম ও টিকেট কাউন্টারের পাশে রাত্রিযাপন করে। সকালে সবাই চলে গেলেও এই নারী দীর্ঘ সময় শুয়ে ছিলো। লোকজন স্টেশন প্লাটফর্মে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের অবগত করলে পুলিশ এসে এই নারীকে মৃত দেখতে পায়। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে আখাউড়া রেলওয়ে থানায় নিয়ে যায়।
এই বিষয়ে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মাজহারুল করিম নিশ্চিত করে বলেন, সকালে খবর পেয়ে পুলিশ অজ্ঞাত এই নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন, আমরা এই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা করছি। ধারণা করা হচ্ছে রাতের কোন একসময় এই নারীর মৃত্যু হয়েছে।
পুলিশ আরও জানায়, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে মৃত্যুর রহস্য জানা যাবে।
হাসান মাহমুদ পারভেজ/বার্তা বাজার/এফএইচপি