নতুন সেনাপ্রধানকে পরানো হলো জেনারেল র্যাংক ব্যাজ
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পাওয়া জেনারেল এস এম শফিউদ্দিন আহমেকে জেনারেল র্যাংক ব্যাজ পরানো হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুন) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে জেনারেল র্যাংক ব্যাজ পরেন শফিউদ্দিন আহমেদ। দেশের ১৭তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব শুরু করেন তিনি।
আগামী তিন বছর বাংলাদেশ সেনাবাহিনীকে নেতৃত্ব দেবেন তিনি। নতুন দায়িত্ব পাওয়ায় জেনারেল শফিউদ্দিনকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
এর আগে গত ১০ জুন লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
সেই প্রজ্ঞাপনে বলা হয়, লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ কোয়ার্টার মাস্টার জেনারেলকে আগামী ২৪ জুন বিকাল থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে জেনারেল পদে পদোন্নতি প্রদানপূর্বক প্রতিরক্ষা বাহিনীসমূহের প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন, ২০১৮ অনুযায়ী উক্ত তারিখ বিকাল থেকে তিন বছরের জন্য সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
সেনাবাহিনীর প্রধান হিসেবে ২০১৮ সালের ১৮ জুন নিয়োগ পেয়েছিলেন জেনারেল আজিজ আহমেদ। আজ তার মেয়াদ শেষ হয়।
বার্তা বাজার/নব