বগুড়ায় প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে করোনায় মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় ৮ জনের মৃত্যু হয়েছে। এটিই জেলায় এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এছাড়া গেলো ৯ দিনে ৩৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে মরণঘাতী এই ভাইরাস।
মারা যাওয়া ৩৬ জনের মধ্যে বগুড়ার ১৪জন, নওগাঁর ৭জন, জয়পুরহাটের ১৩জন এবং গাইবান্ধা ও নাটোর জেলার একজন করে রয়েছেন। তালিকায় নতুন যুক্ত হওয়া ৮ জন হলেন- বগুড়া সদরের সেতারা বেগম (৭৮) ও আবুল কালাম আজাদ (৭৪), জয়পুরহাটের হাসনা বেগম (৬৫), লুৎফর রহমান (৬৫) মামুন সরদার (৪৫) আহাদ আলী (৭৫) ও নূর জাহান (৩০) এবং নওগাঁর রিয়াজউদ্দীন (৬০)।
এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে ৯৮ জন করোনায় শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্ত ৯৮ জনের মধ্যে সদরের ৬০, আদমদীঘির ৭, গাবতলীর ৮, সারিয়াকান্দির ২, দুপচাঁচিয়ার ৩, কাহালুর ২, নন্দীগ্রামের ৫, শেরপুরের ২ এবং ধুনটের একজন রয়েছেন ।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় এসব তথ্য জানান ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন। এর আগের দিন জেলায় ৬২ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন।
বর্তমানে জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৫২ জন এবং সুস্থ হয়েছেন ১২ হাজার ২৯৮ জন। এছাড়া নতুন করে ৮ জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ৩৬৫ জনে ঠেকেছে। বর্তমানে করোনায় চিকিৎসাধীন রয়েছেন ৪৯১ জন।
খালিদ হাসান/বার্তা বাজার/এফএইচপি