করোনার দ্বিতীয় ঢেউয়ে শনাক্ত ও মৃত্যুতে শীর্ষে খুলনা

করোনার দ্বিতীয় ঢেউয়ে শনাক্ত ও মৃত্যুতে শীর্ষে খুলনা বিভাগ। করোনার হটস্পটে পরিণত হয়েছে খুলনা। কঠোর বিধিনিষেধ ও লকডাউন দিয়েও খুলনা বিভাগে কমছে না করোনা সংক্রমণ ও মৃত্যু।

দ্বিতীয় ঢেউয়ে শনাক্ত ও মৃত্যুতে শীর্ষে এ বিভাগ। বিভাগের ১০ জেলার মধ্যে মহানগরীতেই এর সংখ্যা সবচেয়ে বেশি। সীমান্তবর্তী জেলা ও প্রত্যন্ত অঞ্চলে প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়ায় এই পরিস্থিতি বলছেন সংশ্লিষ্টরা। এছাড়া স্বাস্থ্যবিধি নিয়ে সাধারণ মানুষের উদাসীনতাকেও দুষছেন তারা।

সংক্রমণ ঠেকাতে নগরীতে দুই সপ্তাহের কঠোর বিধি নিষেধের পর চলছে সাত দিনে লকডাউন। এরপরেও প্রতিদিন বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০ থেকে ৪০ শতাংশের মধ্যে উঠানামা করেছে।

করোনা প্রতিরোধ ও ব্যবস্থাপনা টেকনিক্যাল কমিটির সার্বিক সমন্বয়কারী ডা. মেহেদী নেওয়াজ বলেন, ‘মহানগরী ছাড়াও অন্যান্য স্থানগুলোতেও সংক্রমণ বাড়ছে, এজন্য এখনই সর্বোচ্চ সতর্ক হতে হবে।’

এদিকে, করোনা ওয়ার্ডে শয্যা বাড়ানোর পরেও রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহম্মদ জানান, চিকিৎসা সক্ষমতা যথেষ্ট আছে, কিন্তু শুধু চিকিৎসার ওপর নির্ভর করলে হবে না, প্রতিরোধের দিকে নজর দিতে হবে। জনসাধারণের মধ্যে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা আগের থেকে অনেক বেড়েছে। এছাড়া গণজমায়েতও আগের তুলনায় বেড়েছে বলেও জানান খুলনার সিভিল সার্জন।

২৩ জুন পর্যন্ত খুলনা বিভাগে করোনা আক্রান্ত হয়ে ১ হাজার ৬৪ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছে ৪৭ হাজার ৭১০ জন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর