ব্যাটারিচালিত রিকশা ভ্যানের ব্যাটারি খুলে নেওয়া হবে

সড়ক দুর্ঘটনা কমাতে দেশের বিভিন্ন স্থানে চলমান ব্যাটারি ভ্যান ও রিকশা বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। সিদ্ধান্ত মতে এ ধরণের কোনো যানবাহন পাওয়া গেলে এর যন্ত্রাংশ বা মোটর খুলে নেওয়া হবে বলে জানিয়েছে সরকার।

বুধবার (২৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসোংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু স্বাক্ষরিতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ জুন সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও সিদ্ধান্ত হয়, সিটি করপোরেশন বা পৌরসভার নির্ধারিত স্থান বা টার্মিনাল ছাড়া কোনো পরিবহন থেকে রাজস্ব বা ফি আদায় করা যাবে না।

প্রায় সাড়ে তিন ঘণ্টার বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, সড়ক দুর্ঘটনার কারণ খুঁজতে গিয়ে আমরা দেখেছি সারাদেশে রিকশায় মোটর লাগিয়ে চলছে। সেগুলোর সামনে ব্রেক থাকলেও পেছনে ব্রেক নেই। যখন ব্রেক করে তখন যাত্রীসহ সবাই উল্টে পড়ে দুর্ঘটনা ঘটে। এখন থেকে সারাদেশে এ ধরনের রিকশা চলতে পারবে না। সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে নির্দেশনা দেবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর