সিংগাইরে ইউএনও’র ইতিবাচক সংবাদ বর্জনের ঘোষণা দিল সাংবাদিকরা

সিংগাইরে ইউএনও’র ইতিবাচক সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছে সিংগাই উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকরা। বুধবার (২৩ জুন) দুপুর ২ টায় সিংগাইর প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়া হয়।

৩৩৩-এর জরুরী খাদ্য সহায়তা ইউএনও রুনা লায়লা নিজ হেফাজতে রেখে নষ্ট করা নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ায় তথ্য বহুল, বস্তুনিষ্ঠ সচিত্র সংবাদ প্রকাশিত হয়।

প্রকাশিত ওই সংবাদকে মিথ্যা ও সরকার বিরোধী বলে বিভিন্ন অপব্যাখ্যা দিয়ে “ উপজেলা প্রশাসন সিংগাইর” ফেসবুক আইডি থেকে অপপ্রচার চালানো হয়।

পাশাপাশি নাম সর্বস্ব নিবন্ধনবিহীন অনলাইন পোর্টাল ও ফেসবুকে কতিপয় ভুঁইফোড় কথিত সাংবাদিকদের ব্যবহার করে দায়িত্ব অবহেলার বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টাও করা হয় বলে সাংবাদিকরা অভিযোগ করেন। এছাড়া বিভিন্ন সময় তথ্য ভিত্তিক সংবাদ প্রকাশ করায় মূলধারার একাধিক সাংবাদিককে তার অফিসে ডেকে নিয়ে অপমান করেন বলে জানান তারা।

সিংগাইর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক আমাদের অর্থনীতির প্রতিনিধি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ভোরের কাগজ প্রতিনিধি মাসুম বাদশাহর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- নয়াদিগন্ত প্রতিনিধি মোঃ সোহরাব হোসেন, মাইটিভি প্রতিনিধি মোঃ বাদল হোসাইন, যুগান্তর প্রতিনিধি মিজানুর রহমান বাদলসহ আরও অনেকে।

বক্তব্যে আরো অভিযোগ করে বলেন, উপজেলার ফসলি জমি থেকে মাটি কাটা অব্যাহত ও অবৈধ ইটভাটা চালু রাখতে ওই অফিসের উদ্যোক্তা শেখ মিজানের মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগও রয়েছে ইউএনওর বিরুদ্ধে।

ওই অফিসের দুর্নীতির পাইপ লাইন উদ্যোক্তা শেখ মিজানসহ ইউএনও রুনা লায়লাকে দ্রুত অপসারণ না করা পর্যন্ত উপজেলা প্রশাসনের ইতিবাচক সংবাদ বর্জনের ঘোষণা দেন সাংবাদিকরা। অন্যথায় আগামীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

মিলন মাহমুদ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর