রাজবাড়ীতে লকডাউন বাস্তবায়নে তৎপর জেলা প্রশাসন

দেশে করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা ভয়াবহ আকার ধারণ করায় সরকার রাজবাড়ীসহ সাত জেলায় কঠোর লকডাউন ঘোষণা করেছেন। লকডাউন পালনে রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা পুলিশ একসাথে কাজ করছে। সকাল থেকেই তারা যৌথ ভাবে রাজবাড়ীর বিভিন্ন উপজেলা ও শহরগুলোতে টহল শুরু করেছে।

মঙ্গলবার (২২ জুন) ভোর ছয়টা থেকে শুরু হওয়া লকডাউন সফল করতে জেলা প্রশাসক দিলসাদ বেগম ও পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান বিভিন্ন স্থান পরিদর্শন করছেন। এছাড়াও তাদের নির্দেশে জেলার ৫টি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও উপজেলা অফিসার ইনচার্জরাও (ওসি) তাদের নিজ নিজ কর্মস্থলে লকডাউন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তবে প্রতিবারের ন্যায় এবারও লকডাউনে প্রশাসনের সাথে লুকোচুরি খেলছে সাধারণ মানুষ। লকডাউন মানতে তারা নারাজ। প্রশাসনের কোন গাড়ী দেখলেই তারা দ্রুত দোকান বন্ধ করে সটকে পড়ছেন। আবার প্রশাাসনের গাড়ী চলে গেলেই তারা দোকানপাট খুলে তাদের ব্যবসা-বাণিজ্য শুরু করছেন।

গোয়ালন্দ মোড় এলাকায় দেখা যায়, রাজবাড়ী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের গঠিত একটি টিম লকডাউন বাস্তবায়নে কাজ করছে। তারা জরুরীসেবার ও কাঁচাপণ্যের দোকান ছাড়া অন্যান্য দোকানগুলো বন্ধ করে দিচ্ছেন। এসময় জরুরী সেবার আওতায় এ্যাম্বুলেন্স, লাশবাহী, পণ্যবাহী গাড়ি ছাড়া ব্যক্তিগত ও যাত্রীবাহী যানবাহন ফিরিয়ে দিচ্ছেন। অপ্রয়োজনীয় কোন যানবাহন রাজবাড়ীতে প্রবেশ ও বাহির হতে দিচ্ছেন না।

এ প্রসঙ্গে রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, জনগণের মঙ্গলের জন্য সরকার লকডাউন ঘোষণা করেছেন। আমাদের সবার উচিত যার যার জায়গা থেকে আন্তরিকতার সাথে সরকার ঘোষিত সকল নির্দশনা মেনে চলা। আমরা যদি লকডাউন না মেনে বিশৃঙ্খলা ভাবে ঘুরাফেরা করি তাহলে আমাদের সবার জন্যই সামনের দিনগুলোতে ভয়াবহতা অপেক্ষা করছে।

রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, লকডাউন না মানার কোন সুযোগ নেই। আমাদের নিজেদের জন্যই লকডাউন মানতে হবে। নিজের সন্তান, নিজের পরিবার ও দেশের কথা ভেবে সরকার ঘোষিত সকল নির্দেশনা আমাদের মেনে চলতে হবে। লকডাউন মানাতে প্রয়োজনে আমরা আরো কঠোর হবো। কিন্তু আমরা সেটা চাচ্ছিনা। আমরা চাচ্ছি- আমাদের নিজেদের জায়গা থেকে আমরা সচেতন হই। আমরা সচেতন হলেই করোনা রোধ করা সম্ভব।

মেহেদী হাসান রাজু/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর