রাজধানী সারা দেশ থেকে বিচ্ছিন্ন করতে তৎপর আইনশৃঙ্খলাবাহিনী

সারা দেশে থেকে ঢাকাকে নয় দিনের জন্য বিচ্ছিন্ন রাখতে চলাচলের নিষেধাজ্ঞার প্রথম দিনে, রাজধান/ীর প্রবেশদ্বারে তৎপরতা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সরকারের এ নিষেধাজ্ঞার কারণে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস। পায়ে হেঁটে রাজধানীতে যাতায়াত করছে আশেপাশে জেলার মানুষ। কিন্তু জরুরি সেবায় নিয়োজিত যানবাহন চলাচল করছে।

ঢাকার আশপাশের সাত জেলা মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, রাজবাড়ি, গোপালগঞ্জ ও মাদারীপুরে চলছে লকডাউন।

সেই সাথে ঢাকার প্রবেশপথগুলোতে বসানো হয়েছে কড়া পাহারা। ঢাকায় ঢুকতে কিংবা বের হতে দেয়া হচ্ছে না দূরপাল্লার যানবাহনকে। শুধু জরুরি সেবায় নিয়োজিত পরিবহণ ঢাকার বাইরে বের হওয়ার এবং প্রবেশের অনুমতি পাচ্ছে।

বিভিন্ন প্রয়োজনে যারা রাজধানীতে আসা যাওয়া করছেন, গণপরিবহন না থাকায় তাদের ভেঙে ভেঙে রাজধানীতে প্রবেশ করতে হচ্ছে। গাবতলীর সাথে মানিকগঞ্জ যুক্ত থাকায় সাভারের পরিবহণগুলোর ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এতে সাভার থেকে আসা ও ঢাকা থেকে সাভারগামী মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন।

যাত্রাবাড়ী এলাকাতেও একই চিত্র। পাশের জেলা নারায়ণগঞ্জে লকডাউন হওয়ায় সেই পথ দিয়ে যাওয়া চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ব্রাহ্মণবাড়িয়ার যাত্রীরা অনেকটাই বিপাকে পড়েছেন। লকডাউনের খবর না জানায় গন্তব্যে পৌঁছাতে ভোগান্তিতে পরেছেন সাধারণ মানুষ।

রাজধানীর আরেক প্রবেশপথ পোস্তগোলা চীন মৈত্রী সেতু এবং ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়ের ধলেশ্বরী সেতু টোলপ্লাজা দিয়েও দূরপাল্লার বাস চলাচল করছেনা। দক্ষিণাঞ্চলের সাথে রাজধানীর যোগাযোগের প্রতিটি প্রবেশদ্বারে রয়েছে পুলিশের কড়া নজরদারি।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর