ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনি ইস্যুকে বাজে বিষয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি এ বিষয়ে কিছু বলতে চাননা বলেও মন্তব্য করেন।
সোমবার (২১ জুন) দুপুরে তথ্য সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, এটি একটি বাজে বিষয়। আমি এটি নিয়ে মন্তব্য করতে চাই না। তবে কেউ হেনস্তার শিকার হওয়া ঠিক নয়, আর কেউ অহেতুক হয়রানি হওয়া ঠিক নয়।
পরীমনির ঘটনাকে গুরুত্বপূর্ণ নয় উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ঢাকা শহরে মধ্যরাতে কোথায় গিয়ে কে মদ্যপান করল আর সেখানে মদ্যপান করতে গিয়ে ভাঙচুর হলো। সেই ভাঙচুরের পরিপ্রেক্ষিতে সেখানে কিছু ঘটনা ঘটলো। এটা কি জাতির জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ?
এ বিষয়ে সবার মাতামাতির বিষয়ে তথ্যমন্ত্রী হতাশা প্রকাশ করে আরও বলেন, সেটি (পরীমনি ইস্যু) নিয়ে আমি দেখলাম যে যেভাবে সবাই মত্ত হয়ে গেল, সেটি কি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ছিল?
সংসদে পরীমনি ইস্যুতে বিরোধীদলীয় নেতাদের বক্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, এই বিষয়টি নিয়ে বেশ কয়েকদিন ধরে বক্তব্য রেখেছেন বিএনপিদলীয় গ্রুপের নেতারা। আমার কাছে মনে হল তার কাছে বেগম খালেদা জিয়ার চেয়েও ওই চিত্রনায়িকা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। তাই এটা নিয়ে তিনি সেখানে বেশ কয়েকদিন বক্তব্য রেখেছেন।
বার্তা বাজার/এসজে