কেরাণীগঞ্জে বিট কয়েন লেনদেনের অপরাধে গ্রেফতার ২
অনলাইনে নিষিদ্ধ বিট কয়েন কেনা-বেচার অপরাধে ঢাকার কেরানীগঞ্জ থেকে দুই জনকে গ্রেফতার করেছে র্যাব। রোববার (২০ জুন) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানাধীন পূর্ব চড়াইল, নূরজাহান নগর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি ল্যাবটপ ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হল, এম এস খাঁন সোহান (২৬) ও হৃদয় সরকার (২৩)।
র্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ বিভিন্ন প্রকার ভার্চুয়াল কারেন্সী এবং পেমেন্ট গেটওয়ে e-wallet.com.bd এর মাধ্যমে বিভিন্ন প্রকার অবৈধ পণ্য কেনা-বেচার অপরাধে তাদেরকের গ্রেফতার করা হয়।
র্যাবের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, গ্রেফতারকৃত মোঃ এম এস খাঁন সোহান (২৬) e-wallet.com.bd এই সাইটের প্রতিষ্ঠাতা এবং মূল এ্যাডমিন। তার বিভিন্ন ক্রিপ্টো-কারেন্সি প্লাটফর্মে দশ থেকে বারোটি একাউন্ট রয়েছে এবং এই সব একাউন্টের মাধ্যমে সে ৪২,৭১২ এর অধিক সফল লেনদেন করেছে। যার আনুমানিক পরিমান আঠারো থেকে বিশ কোটি টাকা।
এছাড়া তারা গ্রাহকদের সাথে এই সাইটের মাধ্যমে অবৈধ ক্রিপ্টো-কারেন্সী বিক্রয় করত এবং ঢাকাসহ বিভিন্ন এলাকার বিকাশ,নগদ ও রকেট এজেন্ট নম্বর ব্যবহার করে গ্রাহকদের কাছ থেকে তাদের অবৈধ অর্থ সংগ্রহ করত।
এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা হয়েছে।
রানা আহমেদ/বার্তাবাজার/এফএইচপি