সাতক্ষীরায় কৃষকদের মাঝে সবজির বীজ বিতরণ

সাতক্ষীরায় এসএসিপি (স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট) প্রকল্পের অর্থায়নে কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালিন সবজির বীজ বিতরণ করা হয়েছে। সোমবার(২১জুন) ১১ টায় কৃষি গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সাতক্ষীরা এর উদ্যোগে এ বিতরণ করা হয়।

জেলার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা গ্রামে ঘেরের বাঁধে সবজি চাষের জন্য ৩০ জন কৃষকের মাঝে বারি উদ্ভাবিত বিভিন্ন প্রকার সবজির বীজ প্রদান করা হয়েছে। যার মধ্যে বেগুন, ঢেঁড়শ, লাউ, ঝিঙা, চিচিঙ্গা, তরমুজ, মিষ্টিকৃমড়া, বরবটি, পুঁইশাক, ডাঁটাশাক, শসা ও বারি হাইব্রিড টমেটো-৮ (গ্রীষ্মকালিন) এর বীজ রয়েছে।

বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি গবেষণা কেন্দ্র, বিনেরপোতা, সাতক্ষীরা’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (চ:দা:) ড. মো. মোশাররফ হোসেন।

বিতরন অনুষ্ঠানে ড. মো. মোশাররফ হোসেন তার বক্তব্যে বলেন, একজন পূর্ণ বয়ষ্ক ব্যক্তির দৈনিক ২৫০-৩০০ গ্রাম শাক-সবজি খাওয়া প্রয়োজন। কিন্তু সচেতনতা ও সবজির স্বল্প উৎপাদনের কারণে উল্লিখিত পরিমাণ সবজি খাওয়া হয় না। শহরের চেয়ে গ্রামে সবজি সংক্রান্ত এই সচেতনতা আরো কম। এ জন্য পারিবরিক পুষ্টির চাহিদার পাশাপাশি ও কৃষকদের আর্থিক উন্নয়নে এই সবজি চাষ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, এসএসিপি প্রকল্পের কম্পোনেন্ট কো-অর্ডিনেটর ও বীজ প্রযুক্তি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. অপূর্ব কান্তি চৌধুরীর পরিকল্পনায় ও নির্দেশনায় ঘেরের বাঁধে সবজি চাষের এই উদ্যোগ গ্রহণ করা হয়। যা এখন সাতক্ষীরা সহ বিভিন্ন এলাকায় জনপ্রিয় হয়ে উঠেছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৈজ্ঞানিক কর্মকর্তা অলি আহমেদ ফকির, আব্দুস সামাদ, বৈজ্ঞানিক সহকারি কৃষি গবেষণা কেন্দ্র, কালিগঞ্জ ভাড়াশিমলার উপ-সহকারি কৃষি কর্মকর্তা শফিউল্লাহ।

পুরো অনুষ্ঠানটি সামাজিক দূরত্ব বজায় রেখে সম্পন্ন করা হয়।

মীর খায়রুল আলম/বার্তাবাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর