ফরিদপুর জেলায় মহামারী করোনা সংক্রমণের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আজ সোমবার (২১ জুন) সকাল ৬টা থেকে এক সপ্তাহের জন্য লকডাউন শুরু হয়েছে। আগামী ২৭ জুন মধ্যরাতে এ নির্ধারিত সময়সীমা শেষ হবে।
শনিবার (১৯ জুন) এক প্রজ্ঞাপনের মাধ্যমে লকডাউনের ঘোষনা দেন জেলা প্রশাসক অতুল সরকার। লকডাউনের মধ্যে শুধুমাত্র কাচাঁ বাজার ও ঔষধের দোকান ছাড়া সব কিছুই বন্ধ রয়েছে। লকডাউনের নির্দেশনা যারা মানবেন না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
সোমবার সকাল থেকে মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি শুরু হয়েছে। সবাইকে উপযুক্ত কারন ছাড়া শহরে ঢুকতে দেয়া হচ্ছে না। অফিসের গাড়ী ছাড়া কোন গাড়ী শহরে আসতে ও বের হতে দেয়া হচ্ছে না।
এদিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় গত ২৪ ঘন্টায় ৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে ২জন করোনা পজিটিভ, ২জন সন্দেহজনক মৃত্যু (পরীক্ষার ফলাফল হাতে আসেনি)। হাসপাতালে গত ২৪ ঘন্টায় ২১জন ভর্তি হয়েছে। মোট ভর্তি রয়েছে হাসপাতালটিতে ১২৭জন।
ফরিদপুর জেলায় গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়েছেন ৬শ এর উপরে। আর মৃত্যুবরণ করেছেন ১৫ জন। করোনার সংক্রমনের হার ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় জেলা করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ কমিটির জরুরী সভায় এ লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়।
ফরিদপুর পৌর এলাকা ছাড়াও ভাঙ্গা ও বোয়ালমারী পৌর এলাকায়ও এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করা হয়। জেলা প্রশাসক জানিয়েছেন, প্রথম দফায় এক সপ্তাহের জন্য লকডাউন দেওয়া হয়েছে। পরবর্তীতে সময় আরো বাড়ানো হতে পারে।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/এফএইচপি