ছেলের বউকে ধর্ষণের অভিযোগে শ্বশুর জেলহাজতে
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ছেলের বউকে ধর্ষণের অভিযোগে পাঁচু শেখ (৪৬) নামে এক শ্বশুরকে আটক করে আদালতে পাঠিয়েছে বোয়ালমারী থানা পুলিশ।
এ ঘটনায় শনিবার রাতে বাদি হয়ে ওই গৃহবধূ বোয়ালমারী থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। মামলা নম্বর ১৩। তবে গৃহবধুর স্বামী ধর্ষণের বিষয়টি মিথ্যা বলে দাবি করেছেন।
রবিবার (২০ জুন) দুপুরে গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকা সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে পাঁচু শেখের তিন মেয়ে এক ছেলে। পাঁচু শেখ দুই মেয়ে ও একমাত্র ছেলেকে বিয়ে দিয়েছেন।
ওই গৃহবধুর স্বামী মো. জালাল শেখ রবিবার বিকেল ৫.৪০ মিনিটের সময় মুঠোফোনে বলেন, আমার স্ত্রী কিছুদিন হলো বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ি সালথায় চলে যায়। সে বিদেশে যেতে চাওয়ায় আমার পরিবার বিদেশে পাঠাতে রাজি না হওয়ায় রাগারাগি হয়। বিদেশে না পাঠালে এক পর্যায়ে স্ত্রী আমার বাড়িতে আসতে অস্বীকৃতি জানায়। তারপর আমার বাবার নামে এ মিথ্যা মামলা করেছেন।
পরমেশ্বরদী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল শেখ মুঠোফোনে বলেন, শ্বশুর পাঁচু শেখ ও গৃহবধুর পারিবারিক সম্পর্ক ভালো। কিন্তু কিছুদিন ধরে ওই গৃহবধু বিদেশে যাওয়ার পায়তারা করছেন। বাড়ি থেকে বিদেশে পাঠাতে পরিবারের গার্ডিয়ান (শ্বশুর) রাজি না হওয়ায় ষড়যন্ত্র করে এ মামলা দেওয়া হয়েছে বিষয়টি আমি জানি।
মামলা সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ডহরনগর পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আ. রাজ্জাক বলেন, গৃহবধূকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
মিয়া রাকিবুল/বার্তা বাজর/টি