সাভারে ২৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান

ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ৫৩ হাজার ৩৪০ হতদরিদ্র ও ভূমিহীন পরিবারের হাতে নতুন ঘর তুলে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (২০ জুন) সকাল সাড়ে দশটায় গণভবন থেকে সরাসরি সংযুক্ত হয়ে মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায় এর শুভ উদ্বোধন করেন তিনি।

এরই ধারাবাহিকতায় ঢাকার সাভার উপজেলায় আজ (রবিবার) মোট ২৭টি হতদরিদ্র ও ভূমিহীন পরিবারের হাতে ২ শতাংশ জমির দলিল ও একটি করে ঘর হস্তান্তর করেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি এবং সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। সাভার উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন – ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান, ঢাকা জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম, সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা, সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হাসান প্রিন্স, আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হ্যাপি দাস, সাভার পৌর মেয়র আলহাজ্ব আব্দুল গণি প্রমুখ সহ সাভারের বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান জানান, সারা পৃথিবীতে এভাবে কোনো দেশে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে বিনা পয়সায় জমি এবং ঘর তৈরী করে দেওয়ার কোনো নজির নেই। এই অতি মানবিক কর্মকান্ডের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব জানান, পৃথিবীতে বাংলাদেশ একটি বৃহৎ জনগোষ্ঠীর দেশ। সেই দেশের মাননীয় প্রধানমন্ত্রী মহান নেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যে, এই দেশের একজন মানুষ ও গৃহহীন থাকবে না। তিনি ঘোষণা দিয়েই কাজ শুরু করেছেন এবং গৃহহীনদের গৃহ এবং ভূমি দান করেছেন। পৃথিবীতে এই ধরনের রাষ্ট্র নায়ক বিরল। আমি সাভার উপজেলার সকল মানুষের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে এজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং আজকে যারা গৃহহীন, যারা উপকারভোগী, তাদেরকেও অভিনন্দন জানাই।

অন্যান্যের মধ্যে এসময় আরও বক্তব্য রাখেন, ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান, ঢাকার জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, আশ্রয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে সাভারে মোট ৫১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ৫১টি ঘর হস্তান্তর করা হবে। রবিবারের এই অনুষ্ঠানের দ্বারা সাভারের আশুলিয়া ও শিমুলিয়া ইউনিয়নে দু’টি মৌজায় আসলেই যারা ভূমিহীন ও গৃহহীন রয়েছে, এরকম ২৭টি পরিবারকে ২ শতাংশ করে খাস জমি তাদের নামে বন্দোবস্ত দিয়ে সম্পূর্ণ তাদের নামে করে দেবার ব্যবস্থা করা হয়েছে এবং ২৭টি টিন শেড পাকা দালান প্রদান করা হয়েছে। বাকী ২৪টি পরিবারের জন্য শিমুলিয়া ইউনিয়নে ঘর নির্মাণ কাজ চলমান রয়েছে।

বার্তাবাজার/মোঃ আল মামুন খান/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর