টাঙ্গাইল পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার সাদাৎ তানাকা (৪৬) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।
রোববার (২০ জুন) ভোরে শহরের পার দিঘুলীয়া এলাকায় তার নিজ বাসভবনে তিনি মারা যান। তিনি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বীরবিক্রমের জ্যেষ্ঠ পুত্র ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি।
প্রয়াত কাউন্সিলর তানাকার বাবা আবুল কালাম আজাদ বীরবিক্রম জানান, প্রতিদিনের নেয় তানাকা শনিবার (১৯ জুন) রাতে ঘুমাতে যায়। রোববার সকালে তার মা ঢাকা যাওয়ার সময় তাকে ডাকাডাকি করে। না উঠায় শরীর ধরে ধাক্কা দেয়। নড়াচড়া না করায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর বাদ যোহর পারদিঘুলীয়া এলাকায় তার নামাজে জানাযা শেষে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপি, টাঙ্গাইল সদর আসনের এমপি ছানোয়ার হোসেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ শোক জানিয়েছেন।
প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হন আনোয়ার সাদাৎ তানাকা।
বার্তাবাজার/হাসান সিকদার/এফএইচপি