আলফাডাঙ্গায় ২৮০ ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর ঘর উপহার

মুজিব বর্ষ উপলক্ষে সারাদেশ ব্যাপী আশ্রয়ন প্রকল্পের ২য় পর্যায়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় ২৮০ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর ঘর উপহার।

রোববার (২০ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এর গৃহ দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়াল পদ্ধতিতে যুক্ত হয়ে সারাদেশে একযোগে ৫৩ হাজার ৩৪০টি গৃহ প্রদান কাজের এই কর্মসূচির উদ্বোধন করেন।

আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহীর সভাপতিত্বে বক্তব্য দেন, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান, পৌর মেয়র সাইফুর রহমান, বুড়াইচ ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর কবীর, টগরবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন।

এসময় উপকারভোগীদের পক্ষ থেকে গৃহ ও জমি পেয়ে অনুভূতি প্রকাশ করেন, খুশি বেগম ও মর্জিনা বেগম।

এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা- কর্মচারীসহ স্থানীয় জনপ্রতিনিধি, ভূমিহীন ও গৃহহীন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী জানান, ‘আলফাডাঙ্গাতে মুজিববর্ষের উপহার পেয়েছে ৬০০ গৃহহীন ও ভূমিহীন পরিবার। প্রথম ধাপে ৩২০টি ও দ্বিতীয় ধাপে ২৮০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে এসব উপহার হস্তান্তর করা হয়েছে।’

প্রসঙ্গত, এ প্রকল্পের আওতায় ১ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে ৪৩৫ বর্গফুটের প্রতিটি ঘরে দুইটি বেড রুম, রান্নাঘর, টয়লেট ও একটি বারান্দা নিয়ে ঘর ও আশপাশের জমি মিলিয়ে দুই শতাংশ জমি দেওয়া হয়। এছাড়া জমি ও গৃহ প্রদানের সঙ্গে সঙ্গে সবুজ বেষ্টনী ও নির্মল পরিবেশ তৈরী এবং উপকারভোগীদের চাহিদা পূরণে ফলদ ও বনজ বৃক্ষরোপণ এবং বিদ্যুৎ সংযোগ প্রদান, প্রত্যেকটি পরিবারের জন্য বিশুদ্ধ খাবার পানি, টয়লেটের সুবিধা, স্বাস্থ্যসেবা ও শিশুদের প্রাথমিক বিদ্যালয়ের নিশ্চিতকরণসহ সকল নাগরিক সুবিধা প্রদান করা হচ্ছে।

বার্তাবাজার/মিয়া রাকিবুল/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর