চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় করোনায় আক্রান্ত হওয়ার লজ্জায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আব্দুর রাজ্জাক নামে এক গরু ব্যবসায়ী। রোববার (২০ জুন) ভোরে উপজেলার গড়গড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক একই গ্রামের সাহাজ উদ্দিন মণ্ডলের ছেলে। পেশায় তিনি একজন গরুর বেপারী ছিলেন।
জানা যায়, ঠাণ্ডা জ্বরে আক্রান্ত হয়ে ডাক্তারের কাছে গেলে নমুন পরীক্ষা করে গত ১৬ জুন তার করোনা পজেটিভ আসে। তখন থেকে তিনি চিকিৎসকের পরামর্শে বাড়িতেই আইসোলেশনে ছিলেন।
এ বিষয়ে নিহত আব্দুর রাজ্জাকের স্ত্রী ময়না খাতুন জানান, করোনায় আক্রান্ত হয়েছেন জেনে তার স্বামী মানসিকভাবে ভেঙে পড়েন। শারীরিকভাবে সুস্থ থাকলেও তিনি আলাদা ঘরে থাকতেন। ভোরের দিকেও তার কাশির শব্দ শুনতে পেরেছি। সকালে গিয়ে দেখি তিনি ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল হক রোকন জানান, করোনায় আক্রান্ত হলে ১৭ জুন তার বাড়িতে লাল পতাকা টানিয়ে লকডাউন করা হয়। রোববার তার আত্মহত্যার সংবাদ শুনতে পাই। ধারণা করা হচ্ছে, সামাজিকভাবে হেয় হওয়ার কারণে লজ্জা ও ঘৃণায় সে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবির জানান, রোববার ভোরের দিকে আব্দুর রাজ্জাকের শ্বাস কষ্ট হয়। তখন ডাকাডাকির পরেও পরিবারের সদস্যদের সাড়া না পেয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বার্তা বাজার/এসজে