রাজশাহীর গোদাগাড়ীতে সুমাইয়া খাতুন (১১) নামে এক শিশুকে ঘুম থেকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (১৯ জুন) রাতে উপজেলার পাকড়ি ইউনিয়নের ললিতনগর গ্রামে এ ঘটনা ঘটে।
উপজেলার কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহমুদুল হাসান জানান, শনিবার রাত সাড়ে ১১টা পর্যন্ত শিশু সুমাইয়া তার বাসায় টিভি দেখছিল। পরে সে একাই ঘরে ঘুমাতে যায়। রোববার সকালে ঘুম থেকে উঠে তার বাবা-মা মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না। খোঁজাখুজির একপর্যায়ে বাড়ির পাশের একটি খড়ের পালার নিচে সুমাইয়ার মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে কাঁকনহাট তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হতে পারে। এরপর মরদেহ খড়ের পালার নিচে লুকিয়ে রাখা হয়েছিল।
পুলিশ পরিদর্শক মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। এ নিয়ে গোদাগাড়ী থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
বার্তাবাজার/পি