টেকনাফে নির্বাচনী সহিংসতায় গুরুতর আহত ২

কক্সবাজারের টেকনাফে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন দুই যুবক। আহতরা হলেন, হ্নীলা ঊলুচামরীর শওকত আলীর পুত্র মোঃ সওয়ার (৩২) এবং উলুচামরী লামার পাড়ার ছৈয়দ নুরের পুত্র মোঃ নুর (৩৫)।

১৯জুন (শনিবার) রাত সোয়া ১০টা নাগাদ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী এ্যাকোয়া কালচার সংলগ্ন প্রধান সড়কের ব্রীজের উপর এই ঘটনা ঘটে।

আহতরা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নৌকার বিরোধী প্রার্থীরা এই হামলা চালিয়েছে বলে দাবী স্বজনদের।

খোঁজ নিয়ে জানা যায়, রাতে হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ইমরান খানকে একই ইউনিয়নের জাদিমোরা নয়াপাড়াস্থ বাড়িতে পৌঁছে দিয়ে ফেরার পথে হ্নীলা আলীখালী এ্যাকোয়া কালচার সংলগ্ন প্রধান সড়কের ব্রীজে চিহ্নিত দুর্বৃত্তরা মোটর সাইকেলের গতিরোধ করে হামলা চালায়। হামলাকারীরা মোটর সাইকেল আরোহী মোহাম্মদ নূরকে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন করে ফেলে এবং সরওয়ারকে পায়ে গুলি করে।

স্থানীয়রা তাদের উদ্ধার করে নিক্টস্থ একটি এনজিও পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

আহতদের স্বজন তারেক মাহমুদ রনি বলেন, এটি একটি পরিকল্পিত রাজনৈতিক হামলা। আহত দুই জনই নৌকার প্রার্থীর কর্মী এবং নিকট আত্মীয়। হামলার পেছনে হ্নীলা ইউপি নির্বাচনে নৌকার প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী জড়িত আছে এমনটি ইঙ্গিত করেছেন।

টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এটি একটি পরিকল্পিত ঘটনা বলে ধারণা করা হচ্ছে। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

বার্তাবাজার/খাঁন মাহমুদ আইউব/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর