করোনার টিকা পাচ্ছেন ববি শিক্ষার্থীরা

চলতি সপ্তাহের মধ্যেই সিনোফার্মের (চীনের) কোভিড-১৯ ভ্যাকসিন পাবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। প্রথম ধাপে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া হবে।

শনিবার বেলা ১১ টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের টিকাদান কেন্দ্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আবাসিক শিক্ষার্থীদের ভ্যাকসিন নিশ্চিত হওয়ার পরেই অনাবাসিক শিক্ষার্থীদেরও ভ্যাকসিনের আওতায় আসবেন বলে জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস।

আগামী দু’ এক দিনের মধ্যেই শের-ই-বাংলা মেডিকেল কলেজে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের তালিকা পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।

পাঠানো তালিকা অনুযায়ী বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয় বা হলের আইডি কার্ড এবং জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে টিকা গ্রহণ করতে পারবেন।

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সুব্রত কুমার দাস বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আলোচনা সভায় আমি ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেয়ার কথা বলেছিলেন তার কার্যক্রম শুরু হলো।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের পরিচালক ডা. এইচ. এম. সাইফুল ইসলাম, অধ্যক্ষ ডা. মনিরুজ্জামান শাহীন এবং বরিশালের সরকারি বেসরকারি নার্সিং কলেজের অধ্যক্ষ প্রমুখ।

বার্তাবাজার/মোঃ ইমদাদুল ইসলাম/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর