সরকারের বড় ভুল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা: জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সরকারের সবচেয়ে বড় ভুল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পরীক্ষা নিবে কিন্তু হল খুলবে না। এর থেকে বড় ভুল আর কি হতে পারে? ছাত্ররা কি মাঠে থাকবে, মাটিতে বসে থাকবে?

শনিবার (১৯ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘শিক্ষক-কর্মচারী-অবিভাবক ফোরাম’ আয়োজিত এক মানববন্ধনে তিনি এই কথা বলেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘সংসদে আজ পরীমণিকে নিয়ে আলোচনা হয় কিন্তু শিক্ষা নিয়ে একটা কথাও হয় না। এই লজ্জা আমরা কোথায় রাখি? এই ভুলের সংশোধন কীভাবে হবে? এই ভুলের সংশোধন তারা (সরকার) করবে না। বর্তমান সরকার বিনা ভোটের সরকার, ভোট ডাকাতির সরকার। এই সরকারের সব সিদ্ধান্ত ভুল হবে, এটাই স্বাভাবিক। আজ সবকিছু খোলা। বাজার খোলা, ব্যাংক খোলা, অফিস খোলা শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ।’

মানববন্ধনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন, বিএনপি’র যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুর উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর