আওয়ামী লীগ নেতা পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ গ্রেফতার
সাভারের আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহিন পালোয়ানকে বিদেশী পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (১৯ জুন) দিবাগত রাত ১২ টার দিকে আশুলিয়ার পালোয়ান পাড়া এলাকায় আশুলিয়া থানা পুলিশের এক অভিযানে তিনি গ্রেফতার হন। এসময় তার ঘর তল্লাশী করে পিস্তল ও গুলি উদ্ধার করে পুলিশ।
গ্রেফতার শাহিন পালোয়ান আশুলিয়ার পালোয়ান পাড়ার বিল্লাল পালোয়ানের ছেলে। তার বিরুদ্ধে আশুলিয়ায় থানায় চাঁদাবাজির মামলা রয়েছে বলে জানা গেছে। গত (০৬ জুন) রবিবার দাবিকৃত চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে লক্ষ্য করে গুলি ও মারধরের ঘটনায় তার বিরুদ্ধে আশুলিয়ায় থানায় মামলা দায়ের করেন ফিরোজা এন্টারপ্রাইজের মালিক ঠিকাদার বেলাল।
এব্যাপারে, আশুলিয়ায় থানার উপ-পরিদর্শক এমদাদুর হোসেন জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহিন পালোয়ানের বাসায় অভিযান পরিচালনা করা হয়। এসময় তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে তার ঘরের গোপন স্থান থেকে তিন রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
আল মামুন খান/বার্তা বাজার/টি