ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টের শপথ গ্রহণের পূর্বেই তেহরানের সঙ্গে পরমাণু সমঝোতা চায় ওয়াশিংটন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা স্পুৎনিক এ খবর জানিয়েছে।
ওই কর্মকর্তা জানিয়েছেন, ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টের শপথ গ্রহণের পূর্বে এখনও হাতে যে ছয় সপ্তাহ সময় রয়েছে তার মধ্যেই ইরানের সঙ্গে একটি সমঝোতা করতে চান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
এর কারণ হিসেবে তিনি জানিয়েছেন, তেহরানের ক্ষমতায় পরিবর্তন হওয়ার পর চলমান ভিয়েনা সংলাপকে সামনের দিকে এগিয়ে নেয়া কঠিন হতে পারে।
ওই কর্মকর্তা আরো জানান, ইরানের নতুন সরকার গঠনের আগে যদি আমরা চূড়ান্ত সমঝোতায় পৌছতে না পারি তবে ভিয়েনা আলোচনা থেকে একটি ফল বের করে আনার সম্ভাবনা খুবই ক্ষীন হবে। এসময় তিনি বলেন, “আলোচনা যত দীর্ঘায়িত হবে তা থেকে ফলাফল আশা করা তত কঠিন হবে।
উল্লেখ্য, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে পূর্বের অবস্থায় ফেরাতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বর্তমান ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ইরানেরে আলোচনা চলছে। এদিকে আমেরিকা ২০১৮ সালে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণে দেশটির সঙ্গে সরাসরি বৈঠকে বসতে অস্বীকৃতি জানিয়েছে তেহরান।
বার্তাবাজার/ই.এইচ.এম