দেশে আজ শনিবার বছরের সর্বোচ্চ বর্ষণ হয়েছে। ঢাকায়ও সকাল থেকে বারিধারা অব্যাহত ছিলো। এদিন রাজশাহীর ঈশ্বরদীতে ১৯৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। রবিবারও এমন ভারী বর্ষণ গবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদফতর জানায়, শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত ঈশ্বরদীতে ১৯৬ মিলিমিটার রেকর্ড হলেও অতি ভারী বৃষ্টি হয়েছে অন্তত ৬টি জেলায়। এর মধ্যে বরিশালের খেপুপাড়ায় ১৩৬, চট্টগ্রামে ১৩৩, চট্টগ্রামের সীতাকুণ্ডে ১১০ ও কক্সবাজারের টেকনাফে ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে গত ৭ জুন সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছিল ১২৯ মিলিমিটার।
জানতে চাইলে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, সাধারণত ৪০ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে আমরা ভারী বর্ষণ এবং ৮৯ মিলিমিটারের উপরে হলে অতি ভারী বর্ষণ বলি। শনিবার দেশের বিভিন্ন এলাকায় পূর্বের তুলনায় বেশি অতি ভারী বর্ষণের প্রবণতা দেখেছি। মৌসুমি বায়ু দেশের ওপর সক্রিয় থাকায় এই প্রবণতা বেশি বেড়েছে।
তিনি বলেন, রবিবারও দেশে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ময়মনসিংহ ও সিলেট বিভাগ ছাড়া অন্য বিভাগগুলোতে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাত প্রবণতা বেশি থাকবে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। এর প্রভাবে চট্টগ্রাম বিভাগের পাহাড়ী অঞ্চলে ভূমিধস হতে পারে।
এছাড়া নৌ পথেও মৌসুমি বায়ুর প্রভাব পড়তে পারে জানিয়ে নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলে জানান এই আবহাওয়াবিদ।
বার্তাবাজার/ই.এইচ.এম