একইদিনে ছাত্রলীগ-ছাত্রদল থেকে পদ হারালেন রনি

নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়ে অবশেষে একইদিনে ছাত্রলীগ-ছাত্রদল থেকে পদ হারালেন ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার বাসিন্দা মোহাম্মদ রায়হান রনি।

শনিবার ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী (রিয়ান) ও সাধারণ সম্পাদক মো. ফাহিম আহামেদ স্বাক্ষতির এক প্রেস বিজ্ঞপ্তিতে রনিকে আলফাডাঙ্গা পৌরসভা শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেয়ার কথা জানানো হয়।

একইদিন জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু ও সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস স্বাক্ষরিত আরেকটি প্রেস বিজ্ঞপ্তিতে তাকে আলফাডাঙ্গা পৌর শাখা ছাত্রদলের ‘প্রথম যুগ্ম আহ্বায়ক’ এবং সংগঠনের ‘প্রাথমিক সদস্য পদ’ থেকে রনিকে বহিষ্কার করা হয়েছে।

অভিযোগ উঠে সদ্য ঘোষিত ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর ছাত্রলীগের কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে ছাত্রদলের এক নেতার জায়গা হয়েছে। রায়হান রনি নামে এই নেতা একই উপজেলার পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদে থেকেই পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন।

এমন আলোচনা ও সমালোচনার মুখে শনিবার সাংগঠনিক প্যাডে বিজ্ঞপ্তি দিয়ে রায়হান রনিকে অব্যাহতির কথা জানায় জেলা ছাত্রলীগ। সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপের অভিযোগে রায়হান রনিকে আলফাডাঙ্গা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের পদে থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে এতে উল্লেখ করা হয়।

এ বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে রায়হান রনিকে ছাত্রদলের পদ থেকেও বহিস্কারের কথা জানানো হয়। সংগঠনের ‘শৃঙ্খলা ভঙ্গ ও নীতি আদর্শের সুস্পষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায়’ তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এদিকে শনিবার সকালে নিজেকে ছাত্রলীগ কর্মী দাবী করে আলফাডাঙ্গা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে রায়হান রনি বলেন, তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার করা হয়েছে। সম্প্রতি এক টুকরো কাগজ আর ফেসবুকে কুচক্রী মহলের নানান তৎপরতা তার ব্যক্তি জীবন ও রাজনৈতিক জীবনকে প্রশ্নবিদ্ধ ও হুমকির মুখে ফেলেছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।

ছাত্রদল ও ছাত্রলীগ থেকে অব্যাহতির প্রেস বিজ্ঞপ্তি। ছবি: বার্তা বাজার

ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজীদুল রশীদ চৌধুরী রিয়ান জানান, রায়হান রনিকে নিয়ে প্রশ্ন ওঠায় আমরা বিষয়টি নিয়ে তদন্ত করি। তদন্তের প্রাথমিক পর্যায়ে অভিযোগের সত্যতা পাই। ফলে শনিবার জরুরি সভা করে পৌর ছাত্রলীগের পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। কারো ব্যক্তিগত কারণে সংগঠনের বদনাম হোক সেটা কোন ভাবেই মেনে নেওয়া হবে না।

এদিকে ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস বলেন, রায়হান রনি ছাত্রলীগের পদ নিয়েছেন এমন অভিযোগ আমাদের কাছে এসেছে। এ অভিযোগের ভিত্তিতে শনিবার জরুরি সভা করে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রসঙ্গত, প্রায় ছয় মাস আগে (২৩ জানুয়ারি) জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন ও সাধারণ সম্পাদক তানজিমুল হাসান ২১ সদস্যের আলফাডাঙ্গা পৌর ছাত্রদলের একটি আহ্বায়ক কমিটি অনুমোদন দেন। ওই কমিটির একজন আহ্বায়ক, নয়জন যুগ্ম আহ্বায়ক, একজন সদস্যসচিব এবং বাকি সবাই সদস্য। ঘোষিত ওই কমিটির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে ছিল রায়হান রনির নাম।

অন্যদিকে ১২ জুন আলফাডাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করে আংশিক কমিটি অনুমোদন দেয় জেলা ছাত্রলীগ। ঘোষিত ওই পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে ছিল মোহাম্মদ রায়হান রনির নাম।

মিয়া রাকিবুল/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর