গায়ে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ হয়ে বিজেপি থেকে তৃণমূলে ৩০০ নেতাকর্মী
সম্প্রতি হয়ে যাওয়া পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিচ্ছিলেন দলে দলে নেতাকর্মী। তবে ফলাফল প্রকাশের পর বোল পাল্টে যায় তাদের। আবারও দলে দলে তৃণমূলে যোগ দিচ্ছেন তারা।
শুক্রবার (১৯ জুন) রাজ্যের বীরভূম জেলার সাঁইথিয়ায় কমপক্ষে ৩০০ নেতাকর্মী বিজেপি ত্যাগ করেন। যোগ দেন তৃণমূল কংগ্রেসে। তখন আবার ভিন্ন উপায় তারা গ্রহণ করেন। গায়ে গঙ্গার পানি ছিঁটিয়ে নিজেদেরকে শুদ্ধ করে নেন। আবার একই উপায়ে গঙ্গার পানি ছিটিয়ে তাদেরকে বরণ করেন স্থানীয় পঞ্চায়েত প্রধান।
দলবদলকারী নেতাকর্মীরা জানান, রাষ্ট্রের ক্ষমতায় থাকা দলের পক্ষে যোগ দিয়েও এলাকার উন্নয়নে কাজ করতে পারিনি বলে আমরা লজ্জিত। আমরা তখন ‘ভুল করেছি’ উল্লেখ করে অনশনেও বসেছি। আমরা এতোদিন বিজেপি করলেও বনগ্রাম অঞ্চলের কোনও উন্নয়ন করতে পারিনি। উল্টো বিভিন্ন বিক্ষোভের জেরে আমাদের জন্যই এলাকার উন্নয়ন বাধা পেয়েছে। তাই আমরা দুঃখিত ও লজ্জিত।
এদিকে বিজেপি থেকে দলবদলের ফলে ক্রমশ শক্ত অবস্থান হচ্ছে তৃণমূল কংগ্রেসের। তৃণমূলের দাবি, বিজেপিতে কাজের পরিবেশ নেই বলেই নেতাকর্মীরা দল ত্যাগ করে তাদের দলে ভিড়ছেন। তবে ক্ষুদ্ধ বিজেপির দাবি, ভয় দেখিয়ে তাদের কর্মীদেরকে তৃণমূলে যোগ দেওয়ানো হচ্ছে। সূত্র: হিন্দুস্তান টাইমস।
বার্তা বাজার/এসজে