ছাত্রলীগ নেতাকে ছাত্রদল বানানোর অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন
ফরিদপুরের আলফাডাঙ্গায় মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে মোহাম্মদ রায়হান রনি নামে এক ছাত্রলীগ নেতা সংবাদ সম্মেলন করেছেন।
শনিবার বেলা ১২ টায় আলফাডাঙ্গা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন ওই ছাত্রলীগ নেতা।
সংবাদ সম্মেলনে একটি লিখিত বক্তব্যে মোহাম্মদ রায়হান রনি নিজেকে ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী দাবি করে বলেন, আমি দীর্ঘদিন ছাত্রলীগের রাজনৈতিক মিটিং-মিছিলে রাজপথে সক্রিয় ভাবে থেকেছি। বিএনপি-জামাতের জ্বালাও পোড়াও রাজনীতি ও হরতালের বিপক্ষে থেকেছি আপোষহীন।
মোহাম্মদ রায়হান রনি তার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, নবগঠিত আলফাডাঙ্গা পৌর ছাত্রলীগের কমিটিতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করার পর বারবার একটি কুচক্র মহল আমাকে ছাত্রদল নেতা বানানোর পায়তারা করছে। যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং মিথ্যাচার মাত্র। কেননা উপযুক্ত কোন প্রমাণ ছাড়া শুধুমাত্র একটি কমিটির কাগজ দেখে আমাকে ছাত্রদল বানানোর অপচেষ্টা চলছে। আমি যদি সত্যিই ছাত্রদল করতাম তাহলে কেন ছাত্রদল এবং বিএনপি নেতৃবৃন্দের সাথে আমার ছবি থাকবে না? আমি দীপ্ত কণ্ঠে বলব, ছাত্রদল আমার কোন সিভি এবং ছবি দেখাতে পারবে না। আমি এই মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি বলেন, সামান্য একটা কাগজের উপর নির্ভর করে আমার ব্যক্তিগত রাজনৈতিক জীবন সংকটময় করে তুলবেন না। আর কি কাগজ এবং প্রমাণ আছে সেটা দেখান? ছাত্রদলের সাথে আমার কোন সম্পর্ক নেই এটা মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্যমূলক আমাকে হেয় করার জন্য।
তিনি আরও বলেন, সাম্প্রতি এক টুকরো কাগজ আর ফেসবুকে কুচক্রী মহলের নানান তৎপরতা আমার ব্যক্তি জীবন ও রাজনৈতিক জীবনকে করেছে প্রশ্নবিদ্ধ এবং আমাকে ফেলেছে হুমকির মুখে।
প্রসঙ্গত, সদ্য ঘোষিত আলফাডাঙ্গা পৌর ছাত্রলীগের কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে পৌর ছাত্রদলের এক নেতার জায়গা হয়েছে বলে অভিযোগ উঠে। অভিযুক্ত রায়হান রনি নামের ওই নেতা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদে থেকেই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন বলে দাবি করা হয়।
রায়হান রনি ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার আলফাডাঙ্গা মৌজা এলাকায় বসবাস করেন। পড়াশোনা করেছেন যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে।
ছাত্রদল ও ছাত্রলীগ নেতাকর্মীরা জানান, প্রায় ছয় মাস আগে গত ২৩ জানুয়ারি জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন ও সাধারণ সম্পাদক তানজিমুল হাসান ২১ সদস্যবিশিষ্ট আলফাডাঙ্গা পৌর ছাত্রদলের একটি আহ্বায়ক কমিটি অনুমোদন দেন। ওই কমিটির একজন আহ্বায়ক, ৯ জন যুগ্ম আহ্বায়ক, একজন সদস্যসচিব এবং বাকি সবাই সদস্য। ঘোষিত ওই কমিটির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছে রায়হান রনির নাম।
এদিকে ১২ জুন আলফাডাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করে একটি আংশিক কমিটি অনুমোদন দেয় জেলা ছাত্রলীগ। ঘোষিত ওই পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছে মোহাম্মদ রায়হান রনির নাম।
স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের অভিযোগ, ছাত্রদলের রায়হান রনি ও ছাত্রলীগের মোহাম্মদ রায়হান রনি একই ব্যক্তি। তবে মোহাম্মদ রায়হান রনি দাবী করেন ছাত্রদলের রায়হান রনি ও তিনি একই ব্যক্তি নন।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি