গাজীপুরে অগ্নিকান্ডে দুই বছরের মেয়েসহ মা দ্বগ্ধ

গাজীপুরের শ্রীপুরে বহুতল ভবনের ফ্ল্যাটে অগ্নিকান্ডের ঘটনায় দুই বছর বয়সী মেয়েসহ মা দ্বগ্ধ হয়েছেন।

শনিবার (১৯ জুন) উপজেলার মুলাইদ গ্রামের তামিশনা ফ্যাশন ওয়্যার লিমিটেডের সামনে দেলোয়ার হোসেনের বহুতল ভবনের পাঁচ তলার একটি ফ্ল্যাটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে ওই ফ্ল্যাটের ভাড়াটিয়া গৃহবধূ সোনিয়া জান্নাত (২৫) ও তাদের শিশু কন্যা হুমাসা জান্নাত (২) দ্বগ্ধ হয়েছেন।

বাড়ির মালিক দেলোয়ার হোসেন জানান, আজ বেলা প্রায় সোয়া ১১টায় ভবনের পাঁচ তলার পশ্চিম পাশের ফ্ল্যাট থেকে বিকট শব্দে আগুন লাগে। পরে নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর কাজ শুরু করা হয়। আগুন যাতে ছড়িয়ে যেতে না পারে তাই ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।

তিনি আরো জানান, স্থানীয় একটি কারখানার কর্মকর্তা গোলাম মোস্তফা ফ্ল্যাটে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তাঁর বাড়ি বাগেরহাট জেলার কাফিলাবাগ গ্রামে। দ্বগ্ধদের চিকিৎসার জন্য স্থানীয় আল হেরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

আল হেরা হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক ডাঃ হুমায়ুন কবির জানান, দ্বগ্ধদের হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। আগুনে মায়ের ৫০ শতাংশ ও শিশু কন্যার ৬০ শতাংশ দ্বগ্ধ হয়েছে।

শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন কর্মকর্তা মোঃ রায়হান জানান, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নেভানো হয়। প্রাথমিক ভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

বার্তাবাজার/আরিফ চৌধুরী/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর