প্রতিটি উপজেলায় মডেল মন্দির নির্মাণের দাবি হিন্দু মহাজোটের

দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করছে সরকার। একইভাবে প্রতিটি উপজেলায় একটি করে মডেল মন্দির নির্মাণের দাবি জানিয়েছে হিন্দু সম্প্রদায়ের সংগঠন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

শনিবার (১৯ জুন) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলন করে এমন দাবি জানিয়েছে সংগঠনটি।

মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, ‘২০২১-২২ অর্থবছরে হিন্দু সম্প্রদায়ের জন্য জনসংখ্যা অনুপাতে ২ হাজার ২৫৮ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ করতে হবে এবং অতিরিক্ত ৫ হাজার কোটি টাকার থোক বরাদ্দ দিতে হবে, যা দিয়ে প্রতিটি উপজেলায় একটি করে মডেল মন্দির নির্মাণ করতে হবে।’

অন্যান্য দাবি তুলে ধরে জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, রথযাত্রায় এক দিনের সরকারি ছুটি ঘোষণা করতে হবে। হিন্দু ধর্মীয় বিধিবিধানের কোনো ধরনের পরিবর্তন করা যাবে না, করতে দেয়া হবেও না।

সংবাদ সম্মেলনে ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ ও ‘বাঁচতে শেখা’ নামে দুটি এনজিওকে হিন্দু ধর্ম ও সমাজবিরোধী আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও দাবি তোলা হয়।

এদিকে, আগামী ১৫ জুলাইয়ের মধ্যে এসব দাবি বাস্তবায়নের সুস্পষ্ট ঘোষণা না দিলে হিন্দু সম্প্রদায় সারাদেশের প্রত্যেক জেলা-উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানায় সংগঠনটি।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর