ধর্মান্তরিত হওয়ায় বান্দরবানে একজনকে গুলি করে হত্যা

ধর্মান্তরিত হওয়ার জেরে বান্দরবানের রোয়াংছড়ি সদর ইউনিয়নের তুলাছড়ি আগা রায়চন্দ্র ত্রিপুরাপাড়ায় বেন্নাচন্দ্র ত্রিপুরা ওরফে ওমর ফারুক (৫৫) নামে গতকাল শুক্রবার রাত নয়টার দিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

সম্প্রতি বেন্নাচন্দ্র ত্রিপুরা সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এঘটনায় একদল অস্ত্রধারী তুলাঝিরি আগা রায়চন্দ্র ত্রিপুরাপাড়ায় এসে বেন্নাচন্দ্র ত্রিপুরাকে খুঁজতে থাকে। পরে অস্ত্রধারীরা তার বাড়ি ঘিরে ফেলে। বাড়ি থেকে বের করে তাকে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লাশ উদ্ধারের জন্য সেনাবাহিনী ও পুলিশ গতকাল রাত থেকে ঘটনাস্থলে রয়েছে বলে আজ শনিবার (১৯ জুন) সকালে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল জাবেদ জানিয়েছেন।

মুহাম্মদ আবদুল্লাহ আল জাবেদ জানান, এলাকাটি দুর্গম হওয়ায় লাশ ঘটনাস্থল থেকে আনা সম্ভব হয়নি। তবে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে গিয়েছেন। লাশ নিয়ে এসে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হবে।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির বলেন, গতকাল রাতে অস্ত্রধারীরা এসে ওমর ফারুক ত্রিপুরাকে (বেন্নাচন্দ্র ত্রিপুরা) গুলি করে হত্যা করে।

বার্তাবাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর