মোস্তাফিজ রাকিব,ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একাডেমিক কাউন্সিলের সভায় সমন্বিত ভর্তি পরীক্ষার পক্ষে সর্বসম্মত সুপারিশ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী’র সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ১১৬তম একাডেমিক কাউন্সিলের সভায় ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে সমন্বিত ভর্তি পরীক্ষার পক্ষে এই সর্বসম্মত সিন্ধান্ত নেয়া হয়।
এবিষয়ে উপাচার্য ড. রাশিদ আসকারী বলেন, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ বিশ্ববিদ্যালয়সমূহে সমন্বিত ভর্তি পরীক্ষার আহ্বান জানিয়েছেন। আমরা তার এই সুপারিশ গ্রহণ করেছি। তিনি বলেন, প্রচলিত ভর্তি পরীক্ষার সময় দেশব্যাপী শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক হয়রানি ও দুর্ভোগের সম্মুখীন হতে হয়। তাদের অর্থ ও সময়ের অপচয় ঘটে এবং বিভিন্ন বিড়ম্বনায় পড়তে হয়। এসব বিবেচনা করে আমরা ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে সমন্বিত ভর্তি পরীক্ষার পক্ষে সর্বসম্মত সুপারিশ করেছি।
উক্ত সভায় উপ-উপাচার্য ড. মোঃ শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ, ডিনবৃন্দ, সভাপতিবৃন্দ এবং একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।