‘আদনানের আত্মগোপন জনগণ ও সরকারকে বিব্রত করতে নয়’
আলোচিত ইসলামী বক্তা ত্ব-হা মোহাম্মদ আদনান স্বেচ্ছায় ব্যক্তিগত কারণে আত্মগোপন করেছিলেন বলে জানিয়েছে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ। তবে তার এই আত্মগোপনের পেছনে কারণ হিসেবে নেতিবাচক কোনো উদ্দেশ্য দেখছে না পুলিশ।
শুক্রবার (১৮ জুন) বিকালে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানান রংপুর মহানগর পুলিশের ক্রাইম ডিভিশনের উপ-কমিশনার আবু মারুফ হোসেন।
তিনি বলেন, সরকার বা দেশের মানুষকে বিব্রত করতে উনি আত্মগোপনে যাননি। এত কিছু ভেবে তারা এমন করেনি। আদনান একজন শিক্ষিত ছেলে। তাই নিজের বুদ্ধিতেই ফোন অফ করে রেখেছিল। সে জানে তার ফোন অফ থাকলে তাকে শনাক্ত করা যাবে না। তারা সাবাই একইসাথে একই বাড়িতে ছিলেন।
আদনান তার ড্রাইভার আমিন উদ্দিনকে বলেছিল, আমাকে একটু সাহায্য করো। আমার জন্য এটা ভালো হবে। আমাকে এই পরিস্থিতি থেকে বাঁচতে হলে তোমার সহায়তা প্রয়োজন। আমরা একটু গোপনে থাকি।
পুলিশের এই কর্মকর্তা জানান, সামাজিক ও পারিবারিক পরিস্থিতি থেকে বাঁচতেই আত্মগোপন করেছেন ত্ব-হা মুহাম্মদ আদনান।
এরআগে বিকেল সাড়ে ৩টার দিকে আবু ত্ব-হাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ৮ দিন ধরে নিখোঁজ থাকার পর সন্ধান মিলেছে রংপুরের আলোচিত বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের। শুক্রবার দুপুরে তার শ্বশুরের বাসায় তাকে পাওয়া যায়।
বার্তা বাজার/এসজে