সাতদিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে সন্ধান মিলেছে আলোচিত ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের। তিনি রংপুরের নিজ বাসায় ফিরেছেন। তবে কখন এবং কোথা থেকে তিনি উদ্ধার হয়েছেন তা জানা যায়নি।
শুক্রবার (১৮ জুন) দুপুরে রংপুর কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ১০ জুন রংপুর থেকে ফেরার পথে রাজধানীর গাবতলী এলাকা থেকে আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজ হন বলে অভিযোগ করেন তার পরিবার।
সেসময় তার সঙ্গে ছিলেন তার গাড়িচালক আমির উদ্দিন, সঙ্গী ফিরোজ ও আব্দুল মুহিত। ওই দিন রাত থেকে নিখোঁজ রয়েছেন তারা।
সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি শেষে পরদিন আদনানের মা আজেদা বেগম রংপুরের কোতোয়ালি থানায় জিডি করেন।
এদিকে ত্ব-হার নিখোঁজ হওয়ার তথ্য জানিয়ে দারুসসালাম এবং মিরপুর থানায় গেলে কোনো থানাই জিডি বা মামলা গ্রহণ করেনি বলেও অভিযোগ করে তার পরিবার।
স্বামীকে ফিরে পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি দিয়েছেন আবু ত্ব-হার স্ত্রী সাবেকুন নাহার। এছাড়াও পুলিশ মহাপরিদর্শক ও র্যাবের মহাপরিচালক বরাবরও দুটি চিঠি দেন তিনি।
বার্তা বাজার/নব