দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে। আজও দেশের সব বিভাগে ঝড়বৃষ্টি অব্যাহত থাকবে। একই সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
শুক্রবার (১৮ জুন) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী ৩ দিন বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। বৃষ্টি শেষে ফের শুরু হবে ভ্যাপসা গরম।
গতকাল বৃহস্পতিবার (১৭ জুন) সারাদেশেই বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সীতাকুণ্ডে ১০৫ মিলিমিটার। আর ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ৩৮ মিলিমিটার।
মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ কারণে বাংলাদেশে বিশেষ করে উপকূলীয় জেলাগুলোয় অব্যাহত বৃষ্টি হচ্ছে।
বার্তা বাজার/নব