কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটিকে ঘিরে চলছে বিতর্ক
দীর্ঘ ৫ বছর পর কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৬ জুন) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেয়া হয়।
নতুন এ কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিব করা হয়েছে লোকপ্রশাসন বিভাগের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ আল মামুনকে এবং ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে।
গত কমিটিতে মো. আব্দুল্লাহ আল মামুন সিনিয়র সহ-সভাপতি ও মোস্তাফিজুর রহমান শুভ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম আহ্বায়ক অহিদ উল্লাহ ওয়াহিদ, গিয়াস উদ্দিন আশিক, এমদাদুলল হক সাকিব, আতিকুর রহমান আতিক, আবুল বাশার, গোলাম রাব্বানী আশিক, মেহেদী হাসান সোহাগ, মো. ইউসুফ মিয়া প্রমুখ।
সদস্যরা হলেন আশিকুর রহমান সৌরভ, মানজির হাসান, আবু হাসনাত, খোরশেদ আলম ফয়সাল প্রমুখ।
এদিকে নতুন এ কমিটিকে ঘিরে চলছে নানা সমালোচনা। কমিটির সদস্য সচিবসহ অনেকেই ক্ষোভ প্রকাশ করে এ কমিটি প্রত্যাখ্যান করেছেন। তাদের অভিযোগ, ত্যাগী নেতাদের বাদ দিয়ে কমিটিতে দীর্ঘদিন ধরে রাজনীতিতে নিষ্ক্রিয়, অছাত্র ও ব্যবসায়ীদেরকে গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে।
নতুন কমিটিতে থাকা বিভিন্ন নেতার সাথে কথা বলে জানা যায়, নতুন কমিটির প্রথম সারির কোন নেতাই বর্তমানে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্র নন। কয়েকজন সান্ধ্যকালীন কোর্সে ভর্তি থাকলেও বাকীরা বিভিন্ন ব্যবসা বা চাকুরি করছেন।
কমিটির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি একটি সর্বোচ্চ অনিয়মের কমিটি, এই কমিটির প্রতি আমার পূর্ণ অনাস্থা রইলো।
কমিটির প্রতি ক্ষোভ প্রকাশ করে যুগ্ম আহবায়ক আবুল বাশার বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটি আনাড়ি, আওয়ামীপন্থী, অনিয়মিত এবং অছাত্রদের দিয়ে ঘোষণা করায় বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতাকর্মীরা হতাশ।
জানা যায়, কুবিতে ছাত্রদলের ১ম কমিটি দেয়া হয় ২০১৬ সালের ১৩ অক্টোবর কিন্তু তাদের ছাত্রত্ব না থাকায় ও দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকায় সাধারণ শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন তারা। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে কোনোরকম কার্যক্রম চালাতে পারেননি বলেও জানান তারা।
বার্তাবাজার/এফএইচপি