রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ জন করোনায় আক্রান্ত ছিলেন ও ৬ জনের করোনা উপসর্গ ছিল।
শুক্রবার (১৮ জুন) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন।
গত ২৪ ঘণ্টায় মৃত ১২ জনের মধ্যে রাজশাহীর পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের দুইজন ও নওগাঁর তিনজন রয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন করে ৪১ জন রোগী ভর্তি হয়েছে। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ৫১ জন। রামেক হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে ১৯১ জন ও করোনায় আক্রান্ত হয়ে ভর্তি আছেন ১৫৮ জন।
গত ২৪ ঘণ্টায় মৃত ১২ জনের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে রাজশাহীর তিনজন, নওগাঁ ও নাটোরের একজন করে মারা গেছেন। অন্যদিকে উপসর্গ নিয়ে রাজশাহী ও নওগাঁর দুইজন করে চারজন, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের একজন করে দুইজন মারা গেছেন।
রাজশাহীতে করোনার সংক্রমণ বাড়তে থাকায় রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় বিশেষ লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে।
বার্তাবাজার/নব