ফরিদপুরের নগরকান্দায় অন্তঃসত্বা এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার সকালে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ লাশ উদ্ধার করা হয়। গৃহবধু নগরকান্দা পৌরসভা এলাকার বালিয়া গ্রামের কামরুল আলমের ২য় স্ত্রী মোসা. মুক্তি আক্তার (২৫)।
জানা গেছে, কামরুল চার মাস পূর্বে পৌর এলাকার মিরাকান্দা গ্রামের বিল্লাল ফকিরের মেয়ে মুক্তি আক্তারকে পরিবারের অজান্তে বিয়ে করেন। এতে কামরুলের প্রথম স্ত্রী মেনে না নেওয়ায় মুক্তিকে নিজ বাড়ীতে স্থান দিতে পারেননি। এরপর থেকে কামরুল মুক্তিকে নিয়ে বিভিন্ন জায়গায় অস্থায়ী ভাবে অবস্থান করতেন।
সবশেষ কামরুল গত ৫ দিন আগে উপজেলার চাঁদহাট গ্রামের খালাতো ভাই ফরিদ মুন্সীর বাড়ীতে বেড়াতে যায়। সেখানে বুধবার দিবাগত রাত ১০টার দিকে গলায় ওড়না পেঁচিয়ে আড়ার সাথে ঝুঁলে আত্মহত্যা করে মুক্তি। তবে তাৎক্ষণিক ভাবে আত্মহত্যার সঠিক কোন কারণ জানা যায়নি।
এদিকে মুক্তির বাবা বিল্লাল ফকির অভিযোগ করে বলেন, আমার মেয়ে আত্মহত্যা করেনি। ওকে হত্যা করা হয়েছে। মুক্তি ২ মাসের অন্তঃসত্বা বলেও জানান তিনি।
বাড়ীর মালিক ফরিদ মুন্সী বলেন, রাতের খাবার শেষে দক্ষিণ পাশের ঘরে দু’জনকে ঘুমাতে দেই। রাত ১০টার দিকে হঠাৎ কামরুল চিৎকার দিয়ে বলে মুক্তি গলায় ওড়না পেঁচিতে ঝুলছে। তাৎক্ষণিক ভাবে ঘরে গিয়ে মুক্তিকে নিচে নামিয়ে হাসপাতালে নিয়ে আসি। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয়ে নগরকান্দা থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা বিপ্লব বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
মিয়া রাকিবুল/বার্তা বাজার/টি