‘বোট ক্লাবে মেম্বার হওয়ার টাকা সারা জীবনে ইনকামও করি না’ (ভিডিওসহ)
ক্লাব ও মদ নিয়ে সংসদে উত্তপ্ত বক্তব্য দিয়েছেন জাতীয় পার্টির দলীয় সংসদ সদস্য মুজিবুর রহমান চুন্নু। বৃহস্পতিবার (১৭ জুন) পয়েন্ট অব অর্ডারের আলোচনার শুরুতেই তিনি এ বিষয়ে কথা বলেন। পরে অন্যরাও অংশ নেন।
মুজিবুল হক চুন্ন বলেন, কয়েক দিন ধরে একজন চিত্রনায়িকার বিষয়ে আলোচনা হচ্ছে। উত্তরা বোট ক্লাবে যে ঘটনা ঘটেছে সেই বোট ক্লাব কে করেছে? এই ক্লাবের সদস্য কারা হন? শুনেছি ৫০-৬০ লাখ টাকা দিয়ে এর সদস্য হতে হয়। এত টাকা দিয়ে কারা এর সদস্য হন? আমরা তো সারাজীবনে এত টাকা ইনকামও করি না।
তিনি বলেন, গ্রামে গঞ্জে একটু মদ খেলেই পুলিশ গ্রেফতার করে আসামিদের নিয়ে আসে। তাহলে শহরে কেন এমন হয়না। গুলশান বনানীর ডিজে পার্টি গুলোতে দেদারছে নেশা করছে। গ্যালনে গ্যালনে মদ বিক্রি হচ্ছে। কিন্তু তাদেরকে কেউ গ্রেফতার করছে না কেন?
মাদক ও ক্লাব বন্ধে সরকার প্রধানের হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, মদপান করা আমাদের ধর্মেও নিষিদ্ধ। আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি তিনি যেন স্বরাষ্ট্রমন্ত্রীকে এ ব্যাপারে কাজ করার জন্য নির্দেশ দেন।
তবে চুন্নুর বক্তব্যের পর শেখ সেলিম ফ্লোর নিয়ে বলেন, বাংলাদেশে মদ ও জুয়ার লাইসেন্স দিয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। জিয়াউর রহমান স্টিমার ক্লাব করেছিলেন। বঙ্গবন্ধু মদ-জুয়ার লাইসেন্স বন্ধ করে দিয়েছিলেন। জিয়াউর রহমান আবার চালু করেছিলেন। যারা অপরাধের শুরু করেছেন তাদের আগে বিচার করা উচিত। ওখান থেকে ধরতে হবে।
বার্তা বাজার/এসজে