ফরিদপুরে জাহাঙ্গীর হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন
ফরিদপুরের মধুখালীতে জাহাঙ্গীর মিয়া (৫২) হত্যাকাণ্ডের আসামীদের গ্রেফতারের দাবীতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার কামালদিয়া ইউনিয়নের মাকড়াইল বাজার এলাকায় প্রায় দুই ঘন্টাব্যাপী মানববন্ধনে এলাকার প্রায় দুই সহস্রাধিক লোকজন অংশ নেন।
মানববন্ধনে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইউনুস আলী মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, কামালদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুল বাসার, কালপোহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য মনজুর হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সত্তার মন্ডল, সাধারণ সম্পাদক মো. জাহিদ, পরিবারের পক্ষ থেকে নিহতের পিতা মো. হারুনুর রশিদ হিরু মিয়া, বড় মেয়ে সাইদা জাহান জুথী, ৪ বছরের ছেলে মো. সামী প্রমুখ।
মানববন্ধনে বক্তাগণ জাহাঙ্গীর মিয়ার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ওই এলাকার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে শেষ হয়।
উল্লেখ্য, গত ৫ জুন দুপুরে মাকড়াইল গ্রামের মো. জাহাঙ্গীর হোসেন মিয়া মধুখালী থেকে ভ্যান যোগে বাড়ী ফেরার সময় মাকড়াইল গ্রামের কাছে পৌঁছালে পূর্ব প্রস্তুতি হিসেবে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষের লোকজন জাহাঙ্গীরকে ভ্যান থেকে নামিয়ে ৮-১০ জনের একটি দল তাকে দেশীয় অস্ত্র দিয়ে বেপরোয়া ভাবে মারপিট করলে তিনি গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় নিহতের পিতা হিরু মিয়া বাদী হয়ে ওয়ালিদ হাসান মামুনকে প্রধান আসামী করে এবং ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামী করে মধুখালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এবিষয়ে মধুখালি থানার ওসি শহিদুল ইসলাম বলেন, মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্তভার ও আসামীদের গ্রেফতারের বিষয়টি সিআইডি দেখছে। আমাদের সহায়তা চাইলে সর্বাত্মক সহায়তা করা হবে।
সিআইডির ইন্সপেক্টর আক্তারুজ্জামান মিনা বলেন, মামলাটি তদন্ত করা হচ্ছে। আমরা সঠিক পথেই অগ্রসর হচ্ছি। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
মিয়া রাকিবুল/ বার্তা বাজার/টি