সাভারে কার্ভাড ভ্যানচাপায় নারী নিহত

ঢাকার সাভারে মোটরসাইকেলের পিছন থেকে পড়ে গিয়ে কার্ভাড ভ্যানেরচাপায় এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থানা স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ওই নারীর নাম হুমাইরা রহমান (২৫)। তিনি সাভার ফুলবাড়িয়া এলাকার মিজানুর রহমানের স্ত্রী। এ ঘটনায় নিহতের স্বামী আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার এবং এ ঘটনায় কার্ভাড ভ্যানের চালক আমির হোসেনকে আটক করে। আটক আমির হোসেন মাগুড়া জেলার সদর থানার দোলুহারা গ্রামের মোঃ আব্দুল গণির ছেলে বলে জানা যায়।

সাভার হাইওয়ে থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, ফুলবাড়িয়া থেকে মোটরসাইকেল যোগে স্বামী-স্ত্রী সাভারের দিকে আসছিলেন। থানা স্ট্যান্ডে পৌঁছালে হঠাৎ করে পিছন থেকে স্ত্রী হুমাইরা রহমান মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়েন।

এসময় পিছনে থাকা দ্রুতগামী একটি কার্ভাড ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে নিহতের স্বামী মিজানুর রহমান শুধু আহত হয়েছেন।

স্থানীয়দের সহায়তায় ঘাতক চালক ও ট্রাকটি আটক করা হয়েছে উল্লেখ করে সাভার হাইওয়ে থানার ওসি জানান, এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

মোঃ আল মামুন খান/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর